বরিশাল, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেন্দীগঞ্জে শিশুপুত্রকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জসিমউদ্দন রাঢ়ি ( ৩২)।
২০০৭ সালের ৩১ মার্চ বরিশালে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কোলছড়ি শ্যামরা গ্রামে তার শ্বশুর বাড়িতে স্ত্রী ও স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসেন জসিম। তিনি ঢাকায় দিনমজুরি করতেন। যৌতুক নিয়ে তার সঙ্গে শাশুড়ির বাগবিতণ্ডা হয়।
রাত ৮টার দিকে জসিম তার চার বছর বয়সী ছেলে শামীমকে নিয়ে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে আর শামীমকে খুজে পাওয়া যায়নি।
পরে জসিম তার স্ত্রীর ফাতেমা বেগমের কাছে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন। তার কথা মত শামীমের লাশ পরদিন ১ এপ্রিল রাতে কোলছড়ি শ্যামরা ও কাশিপুর গ্রামের সীমান্ত এলকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
জসিমসহ চারজনকে আসামি করে ২ এপ্রিল ফাতেমা বেগম মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
২৩ জুলাই জসিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আল হোসেন।
মামলার ১৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত রায় দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৬ ঘ.
bdnews24