২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ১ আগস্ট

নির্বাচনের তফসিল ঘোষিত চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় ১ আগস্ট থেকে দায়িত্বপালন শুরু করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ৪ আগস্ট নির্বাচন হয়ে যাওয়ার পর আরো তিনদিন তাদের মোতায়ের রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তফসিল ঘোষিত চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় ১ আগস্ট থেকে দায়িত্বপালন শুরু করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ৪ আগস্ট নির্বাচন হয়ে যাওয়ার পর আরো তিনদিন তাদের মোতায়ের রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানায়। রোববার ইসি সরকারের সিদ্ধান্তকে অনুমোদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (রাজনৈতিক) জাবেদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, 'মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত পুলিশ, র‌্যাব, এপিবিএন সদস্যরা ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রতিটি ফোর্সের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।' এতে আরো বলা হয়, ২ আগস্ট মধ্যরাত থেকে ৫ আগস্ট রাত ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় লাইসেন্স করা সব ধরনের আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে। রোববার ফিরতি চিঠিতে ইসি বলেছে, নির্বাচনী এলাকায় পক্ষপাতহীনভাবে অবৈধ অস্ত্র উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেপ্তার কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ ও কর্মকাণ্ডে দৃঢ়তা, নিরপেক্ষতা বজায়ে রাখতে হবে। সচিবালয়ের উপ সচিব (পৌর ও পল্লী) সৈয়দ মো. খুরশীদ আনোয়ার স্বাক্ষরিত চিঠিতে মাঠ পর্যায়ে নিয়োজিত যৌথবাহিনীকে নির্বাচনী এলাকায় যথাযথ দায়িত্ব পালন করতে বলা হয়। এছাড়া, নির্বাচনে গোলযোগ সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতেও বলেছে কমিশন। এবার, চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে কমপক্ষে ১৪ জন পুলিশ ও ১৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। সাধারণ কেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ২৮ জন সদস্য। সিটি করপোরেশনে ৫৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬৯টি এবং পৌর এলাকার ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫টিকে 'ঝুঁকিপূর্ণ' চিহ্নিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১৫১ ঘ.