ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আট দিনের কর্মসূচি দিয়েছে দেশের আবৃত্তি শিল্পীরা।
আবৃত্তি শিল্পীদের সংগঠন আবৃত্তি সমন্বয় পরিষদ রোববার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
শিল্পীরা আট দিনে দেশের নানা স্থানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলনে গণ সচেতনতা তৈরি করবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। '৭১ এর যুদ্ধাপরাধীরা এখন নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। তারা 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' নামে সংগঠিত হয়ে বিভ্রান্ত ছড়ানোর অপ তৎপরতায় নেমেছে। তারা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সাহস দেখাচ্ছে। এবার যুদ্ধাপরাধীদের প্রতিহত করতেই হবে।"
সেক্টর কমান্ডারস ফোরামের দেশব্যাপী কার্যক্রমের সঙ্গে সংহতি প্রকাশ করে যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানায় আবৃত্তি শিল্পীরা।
পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ আগস্ট চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, ব্রাক্ষনবাড়িয়া; ২ আগস্ট কুমিল্লা, রাজবাড়ি, সিলেট, শ্রীমঙ্গল, মতলব; ৮ আগস্ট খুলনা, মাগুরা; ৯ আগস্ট কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ; ১৬ আগস্ট রাজশাহী, নওগাঁ, বরিশাল, ভোলা; ২২ আগস্ট রংপুর, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর; ২৩ আগস্ট ময়মনসিংহ, মাদারীপুর এবং ২৯ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির অনুষ্ঠান হবে।
আবৃত্তি শিল্পী হাসান আরিফ, ইকবাল মোর্শেদ জাফর, আবদুস সেলিম চৌধুরী, রফিকুল ইসলাম ও মাকসুদ এ সাত্তার পল্লব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৪২৭ ঘ.
bdnews24