২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপজেলায় স্বপ্রণোদিত হয়ে আয়কর দিলেন ৪৫৫ জন

খুলনা, যশোর ও সাতক্ষীরার তিনটি উপজেলায় শনিবার স্বপ্রণোদিত করদাতাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা, যশোর ও সাতক্ষীরার তিনটি উপজেলায় শনিবার স্বপ্রণোদিত করদাতাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা কর অঞ্চল আয়োজিত এসব সভায় ৪৫৫ জন করদাতা স্বপ্রণোদিত হয়ে আয়কর রিটার্ন দাখিল করেন। তাদের আয়কর রিটার্ন গ্রহণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি আয়কর দাতাদের সনদপত্র ও কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) দেন। এই ৪৫৫ জন আয়কর দাতার মধ্যে আছেন- খুলনার ফুলতলা উপজেলার ৬৪ জন, যশোরের অভয়নগরে ২১৫ ও সাতক্ষীরার তালায় ১৭৬ জন। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, সকাল ১০ টায় তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খূলনা কর অঞ্চল আয়োজিত 'স্বপ্রণোদিত করদাতাগণের উদ্বুদ্ধকরণ সভায়' জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কাছে ১৭৬ জন ব্যবসায়ী স্বপ্রণোদিত হয়ে আয়কর রিটার্ন দাখিল করেন। তাদের পক্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন ব্যবসায়ী মীর জাকির হোসেন। সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, "দেশের সব মানুষের সুখ-দুঃখ হাসি-কান্না আমরা সবাই একসঙ্গে উপভোগ করতে চাই। এ জন্য যারা কর দেওয়ার মত আয় করেন তাদের সবাইকে আয়কর দিতে হবে।" খুলনা বিভাগীয় কর কমিশনার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- এনবিআর এর কর জরিপ ও পরিদর্শন বিভাগের সদস্য মো. খোরশেদ আলম, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিউল্লাহ মিয়া, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি শেখ নূরুল হক প্রমূখ। যশোর প্রতিনিধি জানান, শনিবার দুপুরে নওয়া পাড়া ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, "বর্তমান বিশ্বায়নের যুগে অভ্যান্তরীন সম্পদ আহরন ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। আমরা সবাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এর উদ্দেশ্য সাবলম্বী হওয়া।" সবাইকে কর দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও মজবুত করার আ্হ্বান জানান তিনি। আবদুল মজিদ বলেন, "ঋণের ভারে জর্জরিত একটি জাতি কখনই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না। ফলে আমাদের ঋণের বেড়া জাল থেকে বেরিয়ে আসতে হবে।" সভায় খুলনার কর কমিশনার ও এনবিআর সদস্য খোরশেদ আলম ছাড়াও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবুয়াল হোসেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম প্রমূখ। খুলনা প্রতিনিধি জানান, ফুলতলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এনবিআর চেয়ারম্যান বলেছেন- স্বপ্রণোদিত করদাতাদের সুবিধার্থে আগামী সেপ্টেম্বর মাসে প্রতিটি উপজেলায় ক্যাম্প খোলা হবে। যাতে করদাতারা সহজভাবে তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারেন। আয়কর প্রদান করার ক্ষেত্রে যাতে কোন আতংক এবং বিভ্রান্তি সৃষ্টি না হয় সেদিকে রাজস্ব বোর্ডের সতর্ক দৃষ্টি রয়েছে বলেও তিনি জানান। সভায় আরও বক্তব্য রাখেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রওশের আলী মোড়ল, খুলনা জেলা প্রশাসক এম এম ফিরোজ আলম, খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি সাহারুজ্জামান মোর্তজা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.