২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্রণোদিত হয়ে আয়কর দিলেন তালার ১৭৬ ব্যবসায়ী

তালা উপজেলার ১৭৬ জন ব্যবসায়ী স্বপ্রণোদিত হয়ে আয়কর দিয়েছেন। শনিবার সকালে খূলনা কর অঞ্চল আয়োজিত 'স্বপ্রণোদিত করদাতাগণের উদ্বুদ্ধকরণ সভায়' জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কাছে তাদের পক্ষে আয়কর রিটার্ন দাখিল করেন ব্যবসায়ী মীর জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

সাতক্ষীরা, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তালা উপজেলার ১৭৬ জন ব্যবসায়ী স্বপ্রণোদিত হয়ে আয়কর দিয়েছেন। শনিবার সকালে খূলনা কর অঞ্চল আয়োজিত 'স্বপ্রণোদিত করদাতাগণের উদ্বুদ্ধকরণ সভায়' জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কাছে তাদের পক্ষে আয়কর রিটার্ন দাখিল করেন ব্যবসায়ী মীর জাকির হোসেন। এনবিআর চেয়ারম্যান করদাতাদের সনদপত্র ও কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) দেন। সভায় তিনি বলেন, "দেশের সব মানুষের সুখ-দুঃখ হাসি-কান্না আমরা সবাই একসঙ্গে উপভোগ করতে চাই। এ জন্য যারা কর দেওয়ার মত আয় করেন তাদের সবাইকে আয়কর দিতে হবে।" স্বপ্রণোদিত হয়ে কেউ আয়কর রিটার্ন দাখিল করলে তার কাছে কর বিভাগের কেউ আয়ের হিসাব চাইবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, "ভয়ভীতি দেখানো বা জবরদস্তির ব্যাপার নয়, দেশের উন্নয়নের স্বার্থেই কর দিতে হবে।" সকাল ১০ টায় তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনা বিভাগীয় কর কমিশনার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- এনবিআর এর কর জরিপ ও পরিদর্শন বিভাগের সদস্য মো. খোরশেদ আলম, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিউল্লাহ মিয়া, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি শেখ নূরুল হক প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.