অ্যাডভাইজরি: তথ্যগত বিভ্রান্তির কারণে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। এই ভুলের জন্য আমরা দুঃখিত।
কুমিল্লা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাকসাম জংশনে শুক্রবার দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতের নাম মো. মাইনুদ্দিন (৪৩)। বাবার নাম আবদুল করিম, বাড়ি রংপুরের পীরগাছায়।
আহতদের লাকসাম ও কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকসাম স্টেশনের মাস্টার মধুসূধন চৌধুরী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জংশনে ঢোকার সময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে আখাউড়াগামী একটি লোকাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
সিগনালের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় উপকূল এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে লাকসাম স্টেশনের ৫ ও ৭ নম্বর লাইন বন্ধ হয়ে গেলেও অন্য লাইনের মাধ্যমে চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিটির সদস্যরা হলেন- রেলওয়ের প্রধান তত্ত্বাবধায়ক (অপারেশন) শাহ জহিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদ, প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) মো. খলিলুর রহমান ও প্রধান প্রকৌশলী (সিগনাল এন্ড টেলি কমিউনিকেশনস) খোন্দকার মো. শহীদুল ইসলাম।
যোগাযোগ সচিব মুহম্মদ মাহবুবুর রহমান, রেলওয়ে মহাপরিচালক মো. বেলায়েত হোসেন ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল মোল্লা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/জেকে/এমএইচবি/২২৪৮ ঘ.
bdnews24