২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুদাকে স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুদা (মধুসুদন দে) স্মরণসভায় বক্তরা ফিরে গিয়েছিলেন পাকিস্তানের শোষকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের ঝড়ো দিনগুলিতে; যখন মধুর ক্যান্টিন হয়ে উঠেছিল নেতাকর্মীদের পীঠস্থান আর মধু'দা ছিলেন তাদের সেবক আর সার্বক্ষণিক উৎসাহদাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুদা (মধুসুদন দে) স্মরণসভায় বক্তরা ফিরে গিয়েছিলেন পাকিস্তানের শোষকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের ঝড়ো দিনগুলিতে; যখন মধুর ক্যান্টিন হয়ে উঠেছিল নেতাকর্মীদের পীঠস্থান আর মধু'দা ছিলেন তাদের সেবক আর সার্বক্ষণিক উৎসাহদাতা। ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের এখনকার নেতা তোফায়েল আহমেদ তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "ঊণসত্তুর, সত্তুর, একাত্তুর এবং পরবর্তী সব রাজনৈতিক আন্দোলনের অভিষেক হয়েছে এ ক্যান্টিন থেকে।" মধুদা'র ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এ স্মরণ সভার অয়োজন করা হয়। তার স্মৃতি তর্পণে সকাল ১১টায় মধুর ক্যান্টিনেই জড়ো হয়েছিলেন সেকাল-একালের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রছাত্রীরা। তোফায়েল আহমদ এই ক্যান্টিন থেকেই আবার সব সক্রিয় ছাত্র সংগঠনকে একত্র হয়ে সব সঙ্কট নিরসনের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, '৬৯ পরবর্তী সময়ের ছাত্র রাজনীতির প্রতীক ছিল মধুদা। আর তাই মধুদাকে হত্যা করা হয়। সাবেক এ ছাত্র নেতা 'ছাত্র রাজনীতি বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্র সংগঠনের সম্পৃক্ততা' বন্ধ করার চেষ্টার ব্যাপারে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত ছাত্রসমাজ এক কাতারে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত বাংলার মানুষের অধিকার আদায় হবে না। বিএনপির যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা সবসময় সোচ্চার হই, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কমবেশি সবাই তাদের সাথে আঁতাত করি।" আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, "যারা মধুদাকে পাক বাহিনীর কাছে ধরিয়ে দিয়েছে তারা চিহ্নিত।" তিনি এসব চিহ্নিত যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ছাত্র রাজনীতি এবং এদেশের সব আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মধুর ক্যান্টিন। উপাচার্যের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডাকসু নেতা মাহমুদুর রহমান মান্না, নাজমুল হক প্রধান, ডাকসুর সাবেক জিএম খায়রুল কবির খোকন, রোকেয়া হল ছাত্র সংসদের জিএম নাজমা আক্তার, মধুদা'র ছেলে অরুণ দে, ডাকসুর সাবেক যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস বাবু, রোকেয়া হলের সাবেক ভিপি মাহফুজা খানম প্রমুখ। ১৯৭১ সালের ২৬ মার্চ ভোরে পাকিস্তানী বাহিনী মধুদার বাসায় ঢুকে প্রথমে তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ছেলের স্ত্রীকে হত্যা করে। মধুদাকে ধরে নিয়ে কিছুক্ষণ পর আরো অনেকের সঙ্গে জগন্নাথ হলের মাঠে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচবি/২৩৩৩ ঘ.