কক্সবাজার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে জ্বালানি তেল পাচার রোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় তেল সরবরাহ কমিয়ে দেওয়ার জন্য পেট্রোবাংলাকে অনুরোধ জানাবে জেলা প্রশাসন।
বর্তমানে প্রতি মাসে যে পরিমান জ্বালানি তেল উখিয়া ও টেকনাফে সরবরাহ করা হয় তা তিন ভাগের এক ভাগে নামিয়ে আনতে বলা হবে।
বৃহস্পতিবার জেলার আইন-শৃংখলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বলা হয়, ওই দু'টি উপজেলায় সরবরাহ কমিয়ে দেওয়া হলে সাধারণ মানুষ তেল পাচারকারীদের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলবে।
সভায় জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সরবরাহের চেয়ে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ এক-তৃতীয়াংশে কমিয়ে আনার জন্য পেট্রোবাংলাকে অনুরোধ জানানো হবে।
তিনি বলেন, "জ্বালানি তেল পাচার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। উপজেলা প্রশাসন ডিলারদের তেল বিক্রি মনিটরিং করবে।"
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী বলেন, "টেকনাফ উপজেলায় প্রতি মাসে সাড়ে ৪ লাখ লিটার ডিজেল আনা হয়। অথচ বালুখালী কাস্টমস চেকপোস্টের হিসাবে পাওয়া যায় দেড় লাখ লিটার। তাতেই বোঝা যায়, টেকনাফে আসা অধিকাংশ তেলই পাচার হয়ে যায়।"
তিনি বলেন, উপজেলা প্রশাসন টেকনাফের প্রত্যেক বিক্রেতার কাছ থেকে বিক্রয় তালিকা নিয়ে মনিটরিং করবে। ইতোমধ্যে চোরাচালান প্রতিরোধে সন্ধ্যার পর তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ শামীম আল রাজী বলেন, "উপজেলায় সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ হয় পালংখালী ইউনিয়নে। কিন্তু সামগ্রিক বিষয় বিবেচনা করলে ওই এলাকা এতো পরিমান তেল লাগার কথা নয়।"
তার মতে, পালংখালীতে তেল সরবরাহ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ওপারে (মিয়ানমার) পাচার হয়ে যায়।
আহমদ শামীম আরও বলেন, "মিয়ানমারের সীমান্ত এলাকা মংডুতে কোন জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নেই। ওই এলাকাটিকে বাংলাদেশের তেলের উপর নির্ভর করতে হয়।"
তিনি মনে করেন, বাংলাদেশ থেকে জ্বালানি তেল ও সার ওপারে যায়, আর ওপার থেকে নেশা জাতীয় দ্রব্য আসে।
সভায় বিডিআর কর্মকর্তারাও বলেন, জ্বালানি তেল পাচারে তাদের টহল বাড়ানো হয়েছে। বর্তমানে চার পালায় ভাগ করে পাহারা দেওয়া হচ্ছে। তাছাড়াও প্রতিদিন তেল ডিলার ও বিক্রেতাদের কাছ থেকে বিক্রি তালিকা সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ সুপার বনজ কুমার মজুমদার বলেন, মিয়ানমারের মংডু শহরে তিনটি বড় জেনারেটর রয়েছে। কিন্তু ওই জেনারেটর চালাতে বাংলাদেশের তেলের উপর নির্ভর করতে হয়।
তিনি বলেন, "ওপারে (মিয়ানমার) জ্বালানি তেলের চাহিদা থাকলে এখান থেকে তেল যাবেই। বিডিআর পুলিশ দিয়ে কখনোই পাচার ঠেকানো যাবে না।"
তেল পাচার প্রতিরোধে জনগণকে সচেতন করতে টেকনাফ ও উখিয়ায় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন।
আইন-শৃঙ্খলা কমিটির এই মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন- সেনা কর্মকর্তা লে. কর্নেল আবু মোহাম্মদ শাফায়েত হোসেন, লে. কর্নেল আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান অপু, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহআলম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহীউদ্দিন আল ফারুক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল আমীন, টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাঈল, কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ গাছকাটা, কাঠ পাচার ও বন নিধন, সার পাচার নিয়েও আলোচনা হয়।
এ ছাড়াও শহর ও শহরতলী এবং টেকনাফ উপজেলায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২২৩৬ ঘ.
bdnews24