২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সব প্রতিশ্র"তিই ভঙ্গ করেছে : মঞ্জুরুল আহসান

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর যে সব প্রতিশ্রতি দিয়েছে তার সবই ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর যে সব প্রতিশ্রতি দিয়েছে তার সবই ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান। তিনি বলেন, "এই সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপোসহীন অভিযান শুরু করলেও তারা দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপনে ও প্রকাশ্যে আঁতাত করে তাদের ছেড়ে দিচ্ছে। তাদের রেহাই দেওয়ার জন্য ট্রুথ কমিশন গঠনের প্রক্রিয়া চলছে।" বৃহস্পতিবার বিকালে নগরীর মুসলিম হলে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আহসান এ কথা বলেন। সিপিবি সভাপতি বলেন, "বর্তমান সরকার মুখে ভাল ভাল কথা বললেও বাস্তবে অতীতের সরকারগুলোর মতই সাম্রাজ্যবাদ ও লুটেরাদের গণবিরোধী আর্থ সামাজিক নীতি নিয়ে দেশ চালাচ্ছে।" তিনি বলেন, "এ সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্ধগতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বেকারত্ব ও দারিদ্র্য বেড়েছে পাল্লা দিয়ে। দেশে বাস্তবে একটা নিরব দুর্ভিক্ষ চলছে।" মঞ্জুরুল আহসান বলেন, "বাজার অর্থনীতিতে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থানের সুযোগ থেকে সাধারণ মানুষ আজ বঞ্চিত। মুক্ত বাজার অর্থনীতি কখেনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। এর জন্য গণ জাগরণ প্রয়োজন।" চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোর্শেদ আলী ও শাহ আলম, স্থানীয় নেতা আবদুল নবী, মছিউদ্দোলা, প্রমোদ বরণ বড়ুয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১০৬ ঘ.