ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের টাকা আত্মসাৎ মামলার আসামি শরফুদ্দিন আহমেদকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
এ মামলার সাত জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও কমিশনের উপ-সহকারী পরিচালক হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরফুদ্দিন হলেন সর্বশেষ ব্যক্তি যিনি জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা ব্যাংক থেকে তুলেছিলেন। এ মামলায় বক্তব্য নেওয়ার জন্য বিকেলে তাকে কমিশন কার্যালয়ে ডাকা হয়েছিল। বক্তব্য গ্রহণযোগ্য না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতে সোপর্দ করার জন্য শরফুদ্দিনকে রমনা থানা হেফাজতে রাখা হয় বলে তদন্ত কর্মকর্তা জানান।
হারুন অর রশীদ বলেন, " সাত আসামির মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমানকে বুধবার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনজন আসামি দেশের বাইরে চলে গেছেন বলে আমরা জানতে পেরেছি। বাকি একজন সম্ভবত দেশে আছেন, তার ব্যাপারে খোঁজ-খবর চলছে।"
এ মামলার পলাতক আসামিরা হলেন- সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ ও মমিনুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কমিশন গত ৩ জুলাই মামলাটি দায়ের করে।
এজাহারে বলা হয়, একটি বিদেশি সংস্থা ১৯৯১ সালের ৯ জুন এতিমদের কল্যাণে অনুদান হিসেবে বাংলাদেশ সরকারকে ৪ কোটি ৪৪ লাখ টাকা দেয়। ১৯৯৩ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠিত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের মাধ্যমে ওই টাকা ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার নামে বরাদ্দ দেয়া হয়।
এর মধ্যে বগুড়া শাখা পায় ২ কোটি ৩৩ লাখ টাকা। এই শাখার খরচ না হওয়া ২ কোটি ১০ লাখ টাকা প্রায় ১৩ বছর ব্যাংকে অলস পড়ে থেকে সুদে আসলে বেড়ে ৩ কোটি ৩৭ লাখ টাকা হয়।
কমিশনের অনুসন্ধানে দেখা যায়, তারেক ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান ২০০৬ সালে ট্রাস্টের বগুড়া শাখার ওই ৩ কোটি ৩৭ লাখ টাকা তুলে প্রাইম ব্যাংকে জমা রাখেন। পরে কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ ও গিয়াস উদ্দিন ও শরফুদ্দিনের ব্যাংক হিসাবের মাধ্যমে ওই টাকা উত্তোলন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিসি/জেকে/এসকে/২০০৯ঘ.
bdnews24