জামালপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামপুর উপজেলায় বুধবার রাতে মাকে বেঁধে রেখে দুর্বৃত্তরা জাহান আরা (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার কয়ড়া ব্রিজের নিচ থেকে নিহত জাহান আরার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
জাহান আরা উপজেলার পূর্ব গামারি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। সে জারুতলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ধর্ষণ করা হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে লাশের পেটে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, পুলিশের ধারণা জমি বা পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জাহান আরার মা সাজেদা বেগম সাংবাদিকদের জানান, বুধবার গভীর রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। তিনি ঘরে ফিরে টর্চের আলোয় তাদের দেখে ফেলেন। দুর্বৃত্তরা এক পর্যায়ে তার হাত, পা-মুখ বেঁধে ফেলে। পরে তার সামনেই জাহান আরাকে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে।
তিনি জানান, রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দুর্বৃত্তরা জাহান আরাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে এবং লাশ জারুলতলা সড়কের কয়ড়া ব্রিজের নিচে ফেলে রেখে যায়।
ঘটনার সময় তার স্বামী জাহাঙ্গীর আলম বাড়ি ছিলেন না বলে সাজেদা বেগম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24