২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় বিবিসি বাংলার এক কর্মী নিহত

যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া এলাকার আমডাঙ্গা স্থানে গাড়ি গর্তে পড়ে বুধবার রাতে বিবিসি বাংলার এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। নিহত সাইফুল ইসলাম রাসেল বিবিসি বাংলার ইভেন্ট অ্যাসিসট্যান্ট বলে জানিয়েছেন বিবিসির নির্বাচনী সংলাপের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া এলাকার আমডাঙ্গা স্থানে গাড়ি গর্তে পড়ে বুধবার রাতে বিবিসি বাংলার এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। নিহত সাইফুল ইসলাম রাসেল বিবিসি বাংলার ইভেন্ট অ্যাসিসট্যান্ট বলে জানিয়েছেন বিবিসির নির্বাচনী সংলাপের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ। তিনি জানান, তারা সবাই নির্বাচনী সংলাপ অনুষ্ঠান আয়োজনের জন্য রাজশাহী থেকে খুলনা যাচ্ছিল। দুর্ঘটনায় আহতরা হলেন, ইসমাইল হোসেন (২০), রাশেদ (৩৪), খোকন (৪০), বিকাশ (২৩), চঞ্চল (২৫), তিতাস আনন্দ সেতু (২৫), মাসুম কবির (৩২), রিপন (২২), সামাদ (২৫)। তারা খুলনা নগরীর ফরিদ নেওয়াজ ক্লিনিকে ভর্তি রয়েছেন। আহত আবদুস সাত্তার, চঞ্চল কর্মকার ও সবুজকে খুলনার সার্জিকেল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তাদের চিকিৎসায় নিয়োজিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ইসরাইল বিশ্বাস। মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৬ জুলাই খুলনায় নির্বাচনী সংলাপ আয়োজনের জন্য আমরা রাজশাহী থেকে আসছিলাম। দুটি মাইক্রোবাস পেছনে পড়ে যায়। তারা রাত দুইটার দিকে নওয়াপাড়া এলাকার ব্রিজের কাছে এলে কোন চিহ্ন না থাকায় পিডিবির তৈরি একটি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাইফুল ইসলাম রাসেল আহমেদ মারা যান। আহত হন ১২ জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনায় নিয়ে আসে।" অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, "রাত দুইটার দিকে বিবিসি বাংলার দুটি মাইক্রোবাস আমডাঙ্গা এলাকায় এলে রাস্তার পাশের বেইলি ব্রিজ দেখতে না পেয়ে সামনের গর্তে পড়ে। এতে ঘটনাস্থলেই বিবিসি বাংলার সাইফুল ইসলাম রাসেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।" তিনি জানান, সকাল ১১টার দিকে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমএআর/জিএনএ/১২২০ ঘ.