২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরী ও লোটাস কামালের জামিন স্থগিত

দুর্নীতির মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আ হ ম মোস্তফা কামালকে (লোটাস কামাল) দেওয়া হাইকোর্টের জামিন বুধবার স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আ হ ম মোস্তফা কামালকে (লোটাস কামাল) দেওয়া হাইকোর্টের জামিন বুধবার স্থগিত করেছে আপিল বিভাগ। অন্যদিকে, বিএনপির নেতা এম কে আনোয়ার ও আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন স্থগিতের জন্য দুদক ও সরকারের করা আবেদনের ওপর কোনো আদেশ দেওয়া হয়নি। ফলে আপাতত তাদের জামিন বহাল থাকছে। সালাউদ্দিন কাদের ও লোটাস কামালকে জামিন দিয়ে ও মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আগামী ৭ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. আবদুল মতিন। এ সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট গত ১৬ জুলাই দুর্নীতির মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে এক মাসের জামিন দিয়েছিল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার কার্যক্রমও এক মাস স্থগিত করা হয়। অবৈধ সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের জুন মাসে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করে। অন্যদিকে, সম্পত্তির তথ্য গোপনের মামলায় গত ১৭ জুলাই আওয়ামী লীগের সাবেক সাংসদ লোটাস কামালকে জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। বিএনপির সাবেক মন্ত্রী এম কে আনোয়ারকে গ্যাটকো মামলায় গত ২০ জুলাই দুই মাসের জামিন দেয় হাইকোর্ট। মঙ্গলবার তিনি মুক্তি পেয়েছেন। গতবছর ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতি মামলাটি করেছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মানি লন্ডারিং মামলায় গত ২০ জুলাই আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৪৬ ঘ.