২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার আহ্বান সেক্টর কমান্ডারদের

সব ধরনের নির্বাচনে যুদ্ধাপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছে সেক্টরস কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

যশোর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের নির্বাচনে যুদ্ধাপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছে সেক্টরস কমান্ডারস ফোরাম। বুধবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানিয়ে আরও বলেন, মুক্তিযোদ্ধা ও রাজাকাররা এক দেশে একসঙ্গে বাস করতে পারে না। যশোরে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত সভায় বক্তব্য রাখেন কেএম সফিউল্লাহ, সিআর দত্ত, আবু ওসমান চৌধুরী, হারুন অর রশীদ ও জামিল ডি আহসান বীরপ্রতিক। যুদ্ধপরাধীদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা মরেনি, কিন্তু তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দেশের মর্যাদা রক্ষায় তারা আজ ঘুরে দাঁড়িয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার না হলে খুন, রাহাজানি, সামাজিক অবক্ষয় আরও বাড়বে বলেও মন্তব্য করেন তারা। সেক্টর কমান্ডারস ফোরামের মতবিনিময় সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলী হোসেন মনির সভাপতিত্বে সভায় যশোর, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ফোরামের নেতারা যশোর শংকরপুর বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭১৮ ঘ.