ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব বাজারে স্বল্পোন্নত দেশগুলোর (এলসিডি) পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সুইজারল্যাণ্ডের জেনেভায় সোমবার রাতে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ডব্লিউটিও'র মহাপরিচালক প্যাসকেল ল্যামির সভাপতিত্বে বৈঠকে ব্রাজিল, চীন, ভারত, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা অংশ নেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা ফাইজুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ জুলাই থেকে শুরু হওয়া এই 'ডব্লিউটিও মিনি-মিনিস্টেরিয়াল' বৈঠক ২৪ জুলাই পর্যন্ত চলবে।
বৈঠকে সভাপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে বাণিজ্য উপদেষ্টা বলেন, "বিশ্ব বাজারে স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে আপনার (সভাপতি) বক্তব্যে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা বলা হয়নি। যদিও এর আগে আপনি এ ব্যাপারে নির্দিষ্ট সময়সীমার কথা বলেছিলেন এবং সে ব্যাপারে সদস্যরাও সম্মতি জানিয়েছিল। তাই আমরা (এলসিডি) এ ব্যাপারে একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণার আহ্বান জানাচ্ছি।"
বাণিজ্যের ক্ষেত্রে বিধিমালা প্রণয়ন (রুলস অফ অরিজিন) প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "রুলস অফ অরিজিন সহজ না করে পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোনো সুফল বয়ে আনবে না।"
এ ব্যাপারে সভাপতির প্রস্তাবিত পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে আরো পরিষ্কার নির্দেশনার অনুরোধ জানান তিনি।
হোসেন জিল্লুর বলেন, 'শুল্ক কমিয়ে আনার আগে এক বছর বাড়তি সময় দেওয়ার প্রস্তাবের জন্য সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। এ ব্যাপারে স্বল্পোন্নত দেশগুলোর দেওয়া একটি পণ্য তালিকার বিষয়টি মনে করিয়ে দিতে চাই। এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর সরবরাহ খাতে সক্ষমতা বাড়াতেও একটি সর্বনিম্ন সময়সীমা প্রয়োজন।'
বৈঠকে যোগ দিতে বাণিজ্য উপদেষ্টা ১৯ জুলাই ঢাকা ত্যাগ করেন। আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১৩৫ ঘ.
bdnews24