চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া টাকা না পেলে চলতি অর্থবছরে সরকারি কলগুলোতে পাট সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের পাট ব্যবসায়ীরা। বকেয়া পরিশোধের দাবিতে আগামী ৬ আগস্ট থেকে আমরণ অনশন কর্মসূচিও দিয়েছে তারা।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম পাট ব্যবসায়ী সমিতি তাদের সিদ্ধান্ত ও কর্মসূচির কথা জানায়।
সমিতির নেতারা বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে সব বকেয়া পরিশোধ না করলে ব্যবসায়ী, চাষীসহ পাট খাতের সবাই মিলে আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ বলেন, "বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাওনা টাকা বুঝিয়ে দেওয়া না হলে আগামী ৬ আগস্ট বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি) কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।"
তিনি জানান, ২০০০ থেকে ২০০৭ অর্থ বছর পর্যন্ত পাটের বিল বাবদ বকেয়া রয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। এর মধ্যে ২০০০ থেকে ২০০৫ পর্যন্ত বকেয়া প্রায় ৪০ কোটি টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরে সরবরাহ করা পাটের বিল বাবদ বকেয়া প্রায় ১০০ কোটি টাকা।
বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীদের পক্ষে চলতি মৌসুমে সরকারি কোনও মিল ঘাট ও ক্রয় কেন্দ্রে পাট সরবরাহ করা সম্ভব হবে না বলে জানান তিনি।
পাট খাতে প্রায় ৩ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে বশির উল্লাহ বলেন, "দীর্ঘ সময় ধরে বিশাল অংকের টাকা বকেয়া থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চাষীরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এতে চাষীরা পাট চাষে উৎসাহ হারিয়ে ফেলেছে।"
বিজেএমসি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারি পাটকলগুলোতে সঠিক সময়ে পাট কেনা হচ্ছে না বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সমিতির সভাপতি নূরুল ইসলাম চৌধুরীসহ পাট ব্যবসায়ী, চাষী প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএল/এমআই/১৯১৭ ঘ.
bdnews24