২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের সঙ্গে সরকারের চাওয়া-পাওয়ার সম্পর্ক নেই: আনোয়ারুল ইকবাল

উপজেলা নির্বাচনের সঙ্গে সরকারের চাওয়া-পাওয়ার কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "উপজেলা নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের দায়িত্ব; এখানে সরকারের চাওয়া-পাওয়ার কিছু নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের সঙ্গে সরকারের চাওয়া-পাওয়ার কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "উপজেলা নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের দায়িত্ব; এখানে সরকারের চাওয়া-পাওয়ার কিছু নেই।" রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও সরকার উপজেলা নির্বাচন করবে কিনা জানতে চাইলে বিষয়টি সরকারের ইচ্ছাধীন নয় এ ইঙ্গিত দিয়ে উপদেষ্টা আরো বলেন, "এ নির্বাচন করার দায়িত্ব আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর থাকলেও এখন নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে।" উপজেলা নির্বাচনের উদ্যোগের মধ্যে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে মন্তব্য করে আনোয়ারুল ইকবাল বলেন, "সরকার উপজেলা নির্বাচন করতে চায় কারণ আঞ্চলিক সংলাপে জনগণ উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এসব সংলাপে যোগ দিত তাহলে ভালো হত। তারাও বিষয়টি জানতে পারত।" রাজনৈতিক দলগুলোকে উপজেলা নির্বাচনে আনার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে কিনা- এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে সরাসরি উত্তর না দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "উপজেলা নির্বাচন হল স্থানীয় সরকার নির্বাচন। আর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে নির্দলীয় নির্বাচন।" নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,"প্রধান উপদেষ্টা বারবার বলছেন যেখানে যতটা শিথিল করা প্রয়োজন সেখানে জরুরি অবস্থা ততটা শিথিল করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এএল/এসকে/১৭০৩ঘ.