সিলেট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাজস্বের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের সাবেক জেলা প্রশাসক, জেলা সাব রেজিস্ট্রার, এক জামায়াত নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সিলেট কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ঢালী আবদুস সামাদ সোমবার সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) আবুল হোসেন; সিলেট সদরের সাবেক সাব রেজিস্ট্রার (বর্তমানে মেহেরপুর সদরের সাব রেজিস্ট্রার) দেওয়ান মোজাহার হোসেন; ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সিলেট মহানগর জামায়াতের সাবেক আমির ও বর্তমানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. শফিকুর রহমান এবং গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খানকে এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নগরীর আম্বরখানা এলাকায় ১৮ কোটি টাকা দামের ৯২ শতক জমির দাম ৪০ লাখ টাকা দেখিয়ে গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনালের নামে নিবন্ধন করেন। এর মাধ্যমে তারা সরকারকে দুই কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকার রাজস্ব থেকে বঞ্চিত করে নিজেরা আত্মসাৎ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসএনডি/২৩০০ ঘ.
bdnews24