ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট মামলায় সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
এতে জরুরি অবস্থা ঘোষণা, জরুরি ক্ষমতা আইন, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালা জারি কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না- সরকারকে তা জানাতে বলেছে আদালত।
এছাড়া জাতীয় নির্বাচন কবে করা হবে এবং ক্ষমতা হস্তান্তর কীভাবে হবে সেটিও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্থাপন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতির সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ, মহসিন রশিদ, নাহিদ সুলতানা যুথী ও আব্দুল মান্নান খান গত ১৩ জুলাই রিটটি দায়ের করেছিলেন।
ওই আবেদনের ওপর চারদিন শুনানি শেষে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ রোববার এ রুল জারি করে।
রিটকারীদের প্রধান আইনজীবী এম আই ফারুকী শুনানিতে বলেন, "সংবিধানে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির যে ক্ষমতা দেওয়া হয়েছে তা নিয়ন্ত্রণহীন নয়। রাষ্ট্রপতিকে বস্তুনিষ্টভাবে সন্তুষ্ট হয়ে জরুরি অবস্থা জারি করতে হবে। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি।"
জবাবে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাইমা হায়দার বলেন, "রাষ্ট্রপতি সংবিধানের ১৪১ অনুচ্ছেদ অনুযায়ী আইনসম্মতভাবেই জরুরি অবস্থা জারি করেছেন।"
আদেশের পর রিটকারীদের আইনজীবী রুহুল কুদ্দুস বাবু সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট প্রাথমিক শুনানিতে সন্তুষ্ট হয়ে রুল জারি করেছে। এক মাসের মধ্যে সরকারকে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।"
নাইমা হায়দার বলেন, "সরকার কবে নির্বাচন করবে, কবে ক্ষমতা হস্তান্তর করবে- এ বিষয়ে বিস্তারিত জানাতে বলেছে আদালত। তবে জরুরি অবস্থা জারির বিষয়টি আদালত পরীক্ষা করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএনডি/জেকে/১৭৪৩ ঘ.
bdnews24