টাঙ্গাইল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের করটিয়া বাইপাসের চরপাড়া এলাকায় রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন ঢাকা ওয়াসার গবেষণা সহকারী নাসরিন জাহান বিথী (৩৫)।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, "সকাল সাড়ে ছয়টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ধলেশ্বরী পরিবহনের একটি বাস চরপাড়া এলাকায় দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিল।"
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিথী মারা যান এবং ২৫ বাস যাত্রী আহত হন।
পরিচয়পত্র দেখে পুলিশ বিথীর পরিচয় জানতে পারেন।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১৪৪ ঘ.
bdnews24