খুলনা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে তৈয়বা কলোনী এলাকা থেকে মঙ্গলবার দুপুরে চারটি গ্রেনেড, ৫০ রাউন্ড রাইফেলের গুলি ও নয়টি গুলি খোসা উদ্ধার করা হয়েছে।
পয়ঃনিষ্কাশন লাইনের কাজে জন্য রাস্তা খোঁড়ার সময় শ্রমিকরা এগুলো পান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ধারণা করছে, গ্রেনেডগুলো মুক্তিযুদ্ধের সময়ের এবং এগুলো এখনও তাজা আছে।
এ ব্যাপারে যশোর সেনানিবাস অথবা র্যাব-৬ এর বিষ্ফোরক বিশেষজ্ঞ দলের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগরীর খালিশপুর থানার উপ-পরিদর্শক এনামুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পয়ঃনিষ্কাশন লাইনের কাজে খুলনা সিটি করপোরেশনের শ্রমিকরা রাস্তা খুঁড়ছিলেন। এ সময় তারা মাটির নিচে গ্রেনেড ও গুলি দেখতে পান। শ্রমিকরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি তাজা গ্রেনেড, ৫০ রাউন্ড রাইফেলের গুলি ও নয়টি গুলির খোসা উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24