কক্সবাজার, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে আবারও পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে। সোমবার সকালে সাগর তীরের পর্যটন কেন্দ্র হিমছড়িতে পাহাড় ধসে এক কিশোরীসহ মারা গেছেন দুজন। পৌর এলাকার পাহাড়তলীতে মারা গেছে একটি শিশু।
নিহতরা হলেন- স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনের স্ত্রী শাহবানু (৬০) ও তাদের নাতনি জান্নাত আরা (১২)। পাহাড়তলী পাহাড় ধসে মাটিচাপা মারা গেছে পাহাড়তলীর হালিমপাড়ার পুর মিয়ার দুই মাস বয়সী মেয়ে নোকাইয়াত।
এ নিয়ে এ বর্ষায় পাহাড় ধসে টেকনাফ, রামু ও কক্সবাজার পৌর এলাকায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ৩ জুলাই টেকনাফে পাহাড় ধসে দুই পরিবারের আটজনসহ মোট নয়জন নিহত হয়েছিল। মাত্র তিনদিনের ব্যবধানে ৬ জুলাই টেকনাফ ও কক্সজার পৌর এলকায় একই পরিবারের চারজনসহ মারা যায় পাঁচজন।
রামু থানার উপ-পরিদর্শক দিদারুল ফেরদৌস জানান, রোববার রাত থেকেই কক্সবাজারের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি ঝরণা এলাকায় পাহাড় ধ্বসে পড়ে। এতে শাহবানু ও জান্নাত আরা মারা যায়।
রামু থানার উপ-পরিদর্শক উৎপল বড়ুয়া জানান, নিহত শাহবানুর স্বামী মোহাম্মদ হোসেন স্থানীয় মসজিদে ইমাম। এ চাকরিটি পাওয়ার পর মোহাম্মদ হোসেনকে পরিবার নিয়ে থাকার জন্য পাহাড়ের ঢালে একখন্ড জমি দেওয়া হয়। ওই জমিতে বেড়ার তৈরি টিনশেড ঘরে তারা থাকতেন। জান্নাত আরা মোহাম্মদ হোসেনের নাতনি। তার বাবার নাম গোলাম সোবহান।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, সকালে শহরের হালিমা পাড়ার রিক্সাচালক পুর মিয়া রিক্সা নিয়ে বেরিয়ে যান। তার ন্ত্রীও দুই মাসের শিশু নোকাইয়াতকে রেখে কাজ করতে বাইরে যান। কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তাদের বাড়িটির উপর পাহাড় ধসে পড়ে। শিশুটি মাটি চাপা পড়ে মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার পংকজ দেবনাথ জানান, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী, পাহাড়তলী, মোহাজের পাড়া, ঘোনার পাড়া ও বৈদ্যের ঘোনা এলাকায় পাহাড়ে বসবাসকারী প্রায় ১০০ পরিবারকে সমতল এলাকায় সরিয়ে আনা হয়েছে। তাদের পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়গুলিতে আশ্রয় দেওয়া হয়েছে।
তিনি জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও পাহাড় বা পাহাড়ের ঢালে ঝুঁকি অবস্থায় আছেন তাদের সরিয়ে আনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24