২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লেভেল প্লেয়িং ফিল্ড' হয়েছে কি না জনগণই তা বলবে: মরিয়ার্টি

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, সরকারের সংলাপ ও নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হয়েছে কি না জনগণই তা বলবে। জরুরি অবস্থার মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, সরকারের সংলাপ ও নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হয়েছে কি না জনগণই তা বলবে। জরুরি অবস্থার মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন কার্যালয়ে প্রায় এক ঘণ্টার এ বৈঠকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সিইসি এ টি এম শামসুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থার মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। আমরা আশা করি, আগামী জাতীয় নির্বাচনের জন্য যা যা করা দরকার সরকার তা করবে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হচ্ছে কি না- তা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সরকার পর্যবেক্ষক পাঠাবে।" নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন কি না- এ প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, "নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে; সরকারও সংলাপ চালিয়ে যাচ্ছে। এটি ইতিবাচক। সবার ক্ষেত্রে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির জন্য সরকারও উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি হয়েছে কি না, জনগণই তা বলবে।" বৈঠক প্রসঙ্গে মরিয়ার্টি বলেন, "নির্বাচন কমিশনারদের সঙ্গে জাতীয় ও উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম একটি ভালো রূপ পেয়েছে। নির্বাচন কমিশনের কার্যক্রমও সেদিকেই এগিয়ে যাচ্ছে।" এসব কার্যক্রম নিয়ে আগামী সপ্তাহে ওয়াশিংটনে তার প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে বলে রাষ্ট্রদূত জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ দেশের সবাই চায় ডিসেম্বরে একটি সফল নির্বাচন হোক। আমরাও আশা করি, রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সুদূরপ্রসারী চিন্তা করবে। সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখতে হবে। যেহেতু দলগুলোই জনগণের প্রতিনিধিত্ব করে, তারাই জনগণের মতামত তুলে ধরবে।" জরুরি অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে পরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "জাতীয় নির্বাচন জরুরি অবস্থার মধ্যে হবে কি না সময় এলেই তা জানা যাবে। তবে আসন্ন সিটি ও পৌর নির্বাচন শিথিল জরুরি অবস্থার মধ্যেই হবে। আগামী উপজেলা নির্বাচনও একইভাবে হবে। এতে নির্বাচনী প্রচারকাজ বাধাগ্রস্ত হবে না বলেই আমাদের বিশ্বাস।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯২২ ঘ.