ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক ব্যাংকের লকার থেকে ডাকাতি হওয়া গহনা সোমবার গ্রাহকদের দেখানোর কথা থাকলেও তা না পারায় প্রায় এক ঘণ্টা ম্যাজিস্ট্রেটকে আটকে রাখে ক্ষুব্ধ গ্রাহকরা। দুপুরে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন।
ক্ষুব্ধ গ্রাহকরা এরপর শুক্রাবাদে ব্র্যাক ব্যাংক কার্যালয়ের ভিতরে বিক্ষোভ করেন। রাত পৌনে ১০টার দিকে কর্তৃপক্ষের সমঝোতার আশ্বাসে তারা ফিরে যান।
চলতি বছরের জানুয়ারিতে ব্র্যাক ব্যাংকের ধানমণ্ডি শাখার ৬০টি লকার ভেঙে এসব গহনা লুট করে ডাকাতরা। পরে পুলিশ বিভিন্ন স্থান থেকে ৪২৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। মালিকানা সনাক্ত করার জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব গহনা সোমবার গ্রাহকদের দেখানোর কথা ছিল। সে অনুযায়ী ৪৬জন গ্রাহককে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ডেকে আনা হয়।
এর আগে গত ২৩ জুন অলঙ্কার দেখানোর জন্য গ্রাহকদের চিঠি দিয়ে আনা হলেও ম্যাজিস্ট্রেট না আসায় তা দেখানো যায়নি।
ব্যাংকের নতুন চিঠি পেয়ে ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট শাহিন উদ্দীনও সময়মতো উপস্থিত হন।
দুপুর ২টার দিকে গহনা দেখানো কথা থাকলেও প্রায় দু'ঘণ্টা পর ম্যাজিস্ট্রেট শাহিন উদ্দিন গোয়েন্দা দপ্তরের দোতালায় সভাকক্ষে এসে গ্রাহকদের বলেন, আইনগত সমস্যার কারণে গহনা দেখানো সম্ভব নয়।
তিনি জানান,প্রত্যেক গ্রাহককে তাদের গহনার বর্ননা ও ওজন সুনিদিষ্টভাবে জানিয়ে আবেদন করতে হবে। মামলার তদন্ত কর্মকর্তা গ্রাহকদের বক্তব্য লিপিবদ্ধ করবেন।
ম্যাজিস্ট্রেটের এ কথা শোনার পর গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
রাবেত খান নামে এক গ্রাহক ম্যাজিস্ট্রেটের উদ্দেশে বলেন, "আমাদেরকে হয়রানির শেষ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। গহনার তালিকা আমরা ব্যাংক ও পুলিশের কাছে জমা দিয়েছি। এখন যেভাবে তালিকার কথা বলছেন তা আগে বলা হয়নি। গহনা না দেখানোর পেছনে অন্য কারণ কাজ করছে বলে আমাদের সন্দেহ হচ্ছে।"
তার কথা শুনে ম্যাজিস্ট্রেট সভা কক্ষ থেকে বের হতে গেলে বিক্ষুব্ধ গ্রাহকরা তাকে আটকে দিয়ে হৈচে শুরু করেন। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটকে চেয়ার দিয়ে ধাক্কা দিয়ে কক্ষের ভিতরে ঠেলে দেওয়া হয়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেট সভাকক্ষের সঙ্গে লাগোয়া একটি অফিস কক্ষে গিয়ে বসেন। প্রায় এক ঘণ্টা তাকে সেখানে আটকে রাখা হয়। এ সময় উত্তেজিত একজন নারী গ্রাহক কেঁদে ফেলে গহনার ট্রাংকটি নিয়ে টানা হেঁচড়া করতে থাকেন।
প্রায় এক ঘণ্টা পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে পাশের অতিরিক্ত উপ কমিশনার আসাদুজ্জামানের কক্ষে নিয়ে যান।
বিকাল ৫টা পর্যন্ত গ্রাহকরা গোয়েন্দা কার্যালয়ের ভেতরে বিক্ষোভ শেষে শুক্রাবাদ ব্র্যাক ব্যাংক কার্যালয়ে যান। রাত পৌনে ১০টা পর্যন্ত সেখানে তারা বিক্ষোভ করেন।
বিক্ষোভরত এক গ্রাহক ফাতেমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "১০ আগস্টের পুরো বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবেদুর রহমান সিকদার আমাদের জানিয়েছেন।"
আরেক গ্রাহক রাবেত খান বলেন, "ব্যাংক কর্তৃপক্ষ বুধবার আমাদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিয়েছে। সেখানে জটিলতা সুরাহার উদ্যোগ নেওয়া হবে।"
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবেদুর রহমান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবারের বৈঠকের আগে ব্যাংকের শীর্ষ পর্যায়ের সঙ্গে আমার আলোচনা হবে। ওই আলোচনাতেই সঙ্কট সমাধানের প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আমি আশা করছি।"
ব্র্যাক ব্যাংকে ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম নাসিরউল্লাহ বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকমকে জানান, গ্রাহদের কাছে থাকা কাগজপত্রের ভিত্তিতেই গহনা সনাক্ত করতে তাদের আসতে বলা হয়েছিল। তবে ম্যাজিস্ট্রেট পরে আরো কিছু কাগজপত্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সেগুলো তৈরি হওয়ার পর তিনি যেদিন সময় দেবেন সেদিন গহনা দেখানো হবে।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাইনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ম্যাজিস্ট্রেট গহনা দেখানোর পরবর্তী তারিখ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকদের উত্তেজনা এবং ম্যাজিস্ট্রেটকে আটকে রাখার বিষয় তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
গত ৫ ও ৬ জানুয়ারি (শুক্র ও শনিবার) যে কোন এক সময় রাজধানীর শুক্রাবাদে হোটেল নিদমহলের একটি কক্ষের মেঝে কেটে ভবনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের স্ট্রং রুমে ঢোকে ডাকাতরা। তারা স্ট্রং রুমের ৭৫টি লকার ভেঙে ৬০টির সব মালামাল লুটে নেয়।
এর পর গোয়েন্দা পুলিশের সদস্যরা রাজধানী ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৪২৭ ভরি গহনা উদ্ধার করে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএনডি/২১০২ ঘ.
bdnews24