রাজশাহী, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল থেকে রাজশাহী হয়ে ভারতে পাচারকালে বৃহস্পতিবার ১৭ জনকে উদ্ধার করেছে র্যাব। এদের নয়জন শিশু ও সাতজন নারী। এ ব্যাপারে মাহমুদ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃতদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে নগরীর সাহেব বাজার এলাকার সূর্যমুখী হোটেলে খাওয়ার সময় র্যাব সদস্যরা ওই ১৭ জনকে উদ্ধার করে। একই সময় মাহমুদকে আটক করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- মাধবপাশা গ্রামের আলমগীরের স্ত্রী কল্পনা বেগম (৪৫); ইঞ্জিল শেখের (মৃত) স্ত্রী রবেজান (৫২); মিকাইল শেখের স্ত্রী আরজিনা বেগম (৫২); আব্দুস সাত্তারের স্ত্রী তসলিমা বেগম (৪৫); আব্দুল মালেকের স্ত্রী নিহারন বেগম (৫৫); মতিয়ার রহমানের স্ত্রী শাহিদা বেগম (৫০); আব্দুস সাত্তারের ছেলে ইসরাইল (৪০); ইসরাইলের স্ত্রী তসলিমা খাতুন (২৮), ছেলে মিনারুল (৭), কহিনুর (৭), রমজান (১১ মাস) ও মেয়ে তানিয়া (৫), রহিমা (৬) ও সুলতানা (২); আব্দুস সাত্তারের মেয়ে কুলসুম (৮); ফরিদের ছেলে রহিম শেখ (৬) ও জসিম (৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাহমুদ আলী পাচারকারী চক্রের হোতা। ভারতে ভাল কাজের লোভ দেখিয়ে পাচারের জন্য মাহমুদ ওই ১৭ জনকে ৩ হাজার করে টাকার বিনিময়ে রাজশাহীতে নিয়ে আসে। বিকেলে সূর্যমুখী হোটেলে ভাত খাওয়ার সময় র্যাব তাদের উদ্ধার করে। সন্ধ্যায় তাদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24