ঢাকা, জুলাই, ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা রহমান ও বরিশালের মেয়র মুজিবুর রহমান সারোয়ারের স্ত্রী সৈয়দা নাসিমা সারোয়ারের বিরুদ্ধে পৃথক দুটি দুর্নীতি মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য দুদক ও সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে।
গত ৩০ জুন দুর্নীতি করে জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের এ মামলায় রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা রহমানকে চার মাসের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট।
এর আগে গত ৯ জুন একইরকম অভিযোগে বরিশালের মেয়র মুজিবুর রহমান সারোয়ারের স্ত্রী সৈয়দা নাসিমা সারোয়ারকে তিন মাসের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট।
মামলা বাতিলের আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান।
শুনানিতে ব্যারিস্টার খোকন বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী সম্পত্তি হিসাব দাখিলের জন্য এই দুই মেয়রের স্ত্রীর বিরুদ্ধে কোন নোটিশ দেওয়া হয়নি। দুদক আইন অনুযায়ী নোটিশ না দিয়ে কারো বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। তাদের বিরুদ্ধে বেআইনীভাবে এ মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগও ভিত্তিহীন।
দুদকের পক্ষে শুনানিতে অ্যাডভোকেট আবদুল আজিজ খান বলেন, আইন অনুসরণ করেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশন রাজশাহীর কোতোয়ালী থানায় রাজশাহীর মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। তার স্ত্রী সালমা রহমানের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
গতবছর ৩১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এ কে এম ফজলুল হক বরিশাল কোতোয়ালি থানায় বরিশালের মেয়র মুজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬০৫ঘ.
bdnews24