২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় মেয়র খোকার বিরুদ্ধে অভিযোগপত্র

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সন্ধ্যায় মামলাটির বাদী ও তদন্ত কর্মকর্তা, কমিশনের সহকারী পরিচালক মো. সামছুল আলম বিএনপির সাবেক এ সাংসদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে দুপুরে অভিযোগপত্রটি অনুমোদন করে কমিশন। খোকার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে সাদেক হোসেনকে পলাতক দেখানো হয়েছে। এ প্রসঙ্গে সামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগপত্রে সাদেক হোসেন খোকাকে পলাতক দেখানো হলেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়নি। বিধিমতো আদালতই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন।" এতে বলা হয়, খোকা দুদকে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। রমনা থানায় চলতি বছরের ২ এপ্রিল সাদেক হোসেন খোকা তার স্ত্রী ও ছেলে-মেয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এতে অভিযোগ করা হয়েছিল, অভিযুক্তরা ১৭ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৪০৮ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন এবং এর তথ্য গোপন করেছেন। অভিযোগপত্রে মামলার অন্য আসামি খোকার মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইসরাক হোসেনকে অব্যহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে খোকার স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে আনা অভিযোগটি আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। ওই তিন জনের নামে আয়কর বিভাগের পৃথক নথি ও ব্যাংক হিসাব থাকায় তাদের সম্পত্তি ও দায়-দেনার বিষয়টি আলাদাভাবে পর্যালোচনার কথাও বলা হয়েছে অভিযোগপত্রে। গত বছরের ১৫ নভেম্বর দুদুক খোকা ও তার পরিবারের অন্য সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/কিউএইচ/এমএইচবি/২০৫১ ঘ.