২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোকে স্বীকৃতি দিতে আবারো অনুরোধ যুক্তরাষ্ট্রের

স্বাধীন দেশ হিসেবে কসোভোকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো ঢাকাকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুরোধকে গুরুত্ব দেবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 10:00 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশের এ আশ্বাসের কথা সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

মরিয়ার্টি বলেন, "আমার (যুক্তরাষ্ট্র) সরকার কসোভোর ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবার আলোচনা করতে বলেছে। এ জন্যই আজকের (মঙ্গলবার) এ বৈঠক।"

কসোভোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধ নিয়ে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মরিয়ার্টি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "বৈঠকের মূল বিষয় ছিল কসোভো প্রসঙ্গ। কসোভোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছে। আমরা (বাংলাদেশ) বিষয়টি বিবেচনা করবো বলে জানিয়েছি।"

তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের অবস্থানও বিবেচনা করবো আমরা। কসোভোর স্বাধীনতার বিষয়ে সব মুসলিম দেশ একই অবস্থানে নেই।

তিনি বলেন, "আমরা অবশ্যই কসোভোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবো। তবে দেশটির স্বাধীনতার বিষয়ে আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেব। এর সঙ্গে কিছু রাজনৈতিক বিষয়ও জড়িত।"

এ বছর ১৭ ফেব্র"য়ারি সার্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। রাশিয়া ও সার্বিয়া এর বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

রাশিয়া জানিয়েছে কসোভোর জাতিসংঘ সদস্য পদ গ্রহণে বাধা দেবে তারা।

এমন পরিস্থিতিতে কসোভোকে স্বীকৃতি দেওয়া নিয়ে কিছুটা দোলাচলে রয়েছে বাংলাদেশ। কারণ একদিকে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে বাংলাদেশকে চাপ দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় জড়িত।