ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির প্রায় ২০০ অস্থায়ী শ্রমিক মঙ্গলবার কর্মবিরতি ও মানববন্ধন করেছে।
শ্রমিকরা এদিন কাজে যোগ দেয়নি। দুপুরে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সব অস্থায়ী শ্রমিকরা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পেয়ে থাকে। প্রতি অর্থবছরে শ্রমিক নিয়োগের জন্য এক জন ঠিকাদারকে দায়িত্ব দেয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি। এ সব অস্থায়ী শ্রমিকদের তিতাস, বাখরাবাদসহ বিভিন্ন গ্যাস ক্ষেত্রে পাঠানো হয়।
শ্রমিকরা জানায়, দীর্ঘ ১৪ বছর ধরে অস্থায়ী শ্রমিককদের দৈনিক ৮ ঘণ্টা শ্রমের জন্যে ৪৫ টাকা এবং প্রতি ঘণ্টা ওভারটাইমের জন্যে মাত্র ২০ পয়সা হারে মজুরি দেওয়া হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে এ মজুরিতে চলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কাজী মুস্তাক, শাহেদ খন্দকার, জীবন মিয়াসহ বেশ কয়েকজন শ্রমিক সাংবাদিকদের বলেন, শ্রমিকদের মজুরির এ হার বিস্ময়কর। এত কম মজুরি কোথাও আছে কিনা সন্দেহ।
শ্রমিকরা জানায়, কাজ দেওয়ার সময় তাদের স্থায়ী নিয়োগের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয় না।
শ্রমিক অসন্তোষ নিয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ জন্য ঠিকাদারদের দায়ী করেন।
কোম্পানির মহাব্যবস্থাপক (মানব সম্পদ) ইমাম হোসেন বলেন, শ্রমিক অসন্তোষের জন্যে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০২ ঘ.
bdnews24