২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বেশকিছু পদে রদবদল হয়েছে

তিন সচিব, এক যুগ্ম সচিব , নয় উপ-সচিব এবং ডেসা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ প্রশাসনের বেশকিছু পদে সোমবার রদবদল হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের ঘোষণায় এসব বদলির কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন সচিব, এক যুগ্ম সচিব , নয় উপ-সচিব এবং ডেসা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ প্রশাসনের বেশকিছু পদে সোমবার রদবদল হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের ঘোষণায় এসব বদলির কথা জানানো হয়। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব শেখ এ কে মোতাহার হোসেনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এবং নৌ-পরিবহন সচিব শেখ এনায়েতুল্লাহকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নূরুল আমিন সোমবার তার কর্মজীবন শেষে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেলে ওই পদটি শূন্য হয়। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব আবদুস সোবহান শিকদারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানিতে রূপান্তরিত ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসানকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। নৌ-বাহিনীর কমোডর রিয়াজউদ্দিন আহমেদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। আর ওই পদে কর্মরত নৌ-বাহিনীর কমোডর এম ফারুককে আগের পদে প্রত্যর্পণের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মো. সাইফুল্লাহকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ হানিফকে সংস্থাপন মন্ত্রণালয়ে, ওএসডি উপ-সচিব জুলেখা সুলতানাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ নুন নেসাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, শিশু একাডেমীর জাতীয় নাট্যশালা নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ও পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আল মামুনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। নির্বাচিত কলেজসমূহের উন্নয়ন (সরকারি ও বেসরকারি) প্রকল্পের পরিচালক উপ-সচিব আজিজার রহমান মোল্যা ও পরিবেশ অধিদপ্তরের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-পরিচালক উপ-সচিব কবির বিন আনোয়ারকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। বিসিকের পরিচালক হিসেবে কর্মরত উপ-সচিব বিনয় ভূষণ তালুকদারকে ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক ও ওএসডি উপ-সচিব প্রদোষ কান্তি দাসকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মফিদুল ইসলামকে উপ-পরিচালক এবং পরিকল্পনা কমিশনের সহকারী প্রধান এস এম গোলাম রব্বানী ও ফিরোজ আলম মামুনকে সহকারী পরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০২৮ঘ.