ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মতো কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও সরকারি অনুদানের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংশোধন করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, নতুন অর্থ বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তিনি জানান, কমিউনিটি স্কুলের শিক্ষক কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে অর্থ বিভাগ থেকে থোক বরাদ্দ দেওয়া হবে।
কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে মাসে ১২৫০ টাকা করে সরকারি অনুদান পান। এর সঙ্গে মহার্ঘ ভাতা হিসেবে আগামী জুলাই থেকে যোগ হবে ২৫০ টাকা।
গত ৯ জুন ২০০০-০৯ অর্থ বছরের বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেন। এরপর বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-র্কর্মচারীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন শুরু করে। একই দাবিতে কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকরাও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
গত ২২ জুন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের নেতারা অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করলে উপদেষ্টা তাদের জানান, সরকারি প্রতিষ্ঠানের মতো সরকারি অনুদানপ্রাপ্ত (এমপিও) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও আগামী অর্থবছর থেকে ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/জেকে/এমএইচবি/২২২৩ ঘ.
bdnews24