খুলনা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান অকার্যকর করে দেশকে রণক্ষেত্র বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদীরা দেশকে নেতৃত্ব শূন্য ও সংবিধানকে অকার্যকর করে রণক্ষেত্র বানানোর ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"
শুক্রবার সকালে খুলনা জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর জিয়া হলে আয়োজিত সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল প্রত্যাহার ও দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি দাবি করেন তিনি।
খুলনা মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস।
সম্মেলনে উপস্থিত ছিলেন- খুলনা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুফতি আব্দুস কাদের, উত্তর জেলা আমির মাওলানা এমরান হোসাইন, বাগেরহাট জেলা আমির মাওলানা মশিউর রহমান, নগর নায়েবে আমির অ্যধাপক আব্দুল মতিন, মাস্টার শফিকুল আলম, দক্ষিণ জেলা নায়েবে আমির মাওলানা এ কে এম তমিজ উদ্দিন, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উত্তর জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা গোলাম সরওয়ার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৪ ঘ.
bdnews24