২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকমুক্তির জন্য চাই সামাজিক আন্দোলন: মতিন

শুধু আইন কিংবা শাস্তির ভয় দেখিয়ে মাদক সমস্যার সমাধান করা সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, মাদক মুক্তির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু আইন কিংবা শাস্তির ভয় দেখিয়ে মাদক সমস্যার সমাধান করা সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, মাদক মুক্তির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস' উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "আমাদের ব্যক্তি জীবন, পরিবার ও সমাজ থেকে মাদকাসক্তি নির্মূল করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন মানুষের সুস্থ বিবেক ও মূল্যবোধের জাগরণ, সচেতনতা বৃদ্ধি, সামাজিক উদ্বুদ্ধকরণ এবং ব্যাপক সামাজিক আন্দোলন প্রয়োজন।" এম এ মতিন বলেন, "মাদক কেবল আমাদের অভ্যন্তরীণ সমস্যা নয়। এই সমস্যা আন্তদেশীয় ও আন্তর্জাতিক। শুধু কোকেন, হেরোইন, অ্যামফিটামিন ও গাঁজা জাতীয় মাদকের প্রতি বছর ব্যবসা হচ্ছে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। মাদক দ্রব্য ঘিরে সারাবিশ্বে যে নেশার কারবার গড়ে উঠেছে, তার অবস্থান সমরাস্ত্রের পরেই। বিশাল এ কারবারকে ঘিরে সারাবিশ্বে বড় বড় সন্ত্রাসী ও মাফিয়া চক্রগুলো মারাত্মক রক্তক্ষয়ী সংঘাত ও সংঘর্ষে লিপ্ত।" বিশ্বে বর্তমানে ৪০ কোটিরও বেশি মানুষ মাদকাসক্ত- বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা বলেন, "মাদক আমাদের সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও বিকাশের শক্তিকে বিনষ্ট করতে চাইছে। অর্ধ যোগাতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে মাদকাসক্তরা।" মাদক সমস্যার সমাধানে স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্য উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, "এককভাবে কোনও সংস্থার পক্ষে মাদকের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমও যথেষ্ট নয়।" অধিদপ্তরের গাড়ি ও লোকবলের অভাব রয়েছে জানিয়ে তিনি দপ্তরটিকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ওই সভায় অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব শেখ আব্দুর রশীদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০৪১ ঘ.