বৃহস্পতিবার ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শহীদ জননী জাহানারা ইমামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার পালিত হচ্ছে।
দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জাহানারা ইমামের মৃত্যু হয়।
এ উপলক্ষে তার স্মরণে স্মারক বক্তৃতা ,আলোচনা সভা এবং স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে এ বছর ব্যক্তি হিসেবে সাংবাদিক কামাল লোহানী এবং সংগঠন হিসাবে জাতীয় কবিতা পরিষদকে 'জাহানারা ইমাম স্মৃতিপদক' প্রদান করা হবে। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকেল চারটায় এ পদক দেওয়া হবে।
আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি গণ আদালতের বিচারক কবীর চৌধুরী।
বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী স্মারক বক্তৃতা দেবেন।
শিক্ষয়িত্রী ও গৃহবধূ জাহানারা ইমাম '৯০ এর দশকে স্বাধীনতাবিরোধী রাজাকার ও আল-বদরদের বিচারের দাবিতে আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি "একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি" গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে গঠিত হয়েছিল ওই সংগঠনটি। এ আন্দোলনের ধারাবাহিকতায় 'শহীদ জননী' হিসেবে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠা এ নারী পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের প্রতীকে।
১৯৯২ সালের ২৬ মার্চ তার ঘাতক দালাল নির্মূল কমিটি সোহরাওয়ার্দি উদ্যানে এক জনসমুদ্রের মধ্যে 'গণআদালতে' যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার করেছিল। তৎকালীন সরকার এজন্য জাহানারা ইমাম ও সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে।
জাহানারা ইমামের ডায়েরির ভঙ্গিতে রচিত আত্মজীবনীমূলক লেখা ১৯৮৬ সালে প্রকাশিত 'একাত্তরের দিনগুলি' বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিজের সন্তান গেরিলা মুক্তিযোদ্ধা রুমিকে হারান জাহানারা ইমাম। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে আশ্রয়, খাদ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/
bdnews24