ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) বৈধতা নেই বলে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন মঙ্গলবার যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বুধবার তিনি এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আইনগত বৈধতা বলতে তিনি বোঝাতে চেয়েছেন, মামলা করা বা পরিচালনার বৈধতা এনসিসির নেই।
বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকে বাংলাদেশ শিপিং করপোরেশনের বোর্ড সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।
মতিন বলেন, "আমাকে প্রশ্ন করা হয়েছিল, এনসিসি পরবর্তী পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাবে কি না। আমি মনে করেছিলাম, প্রশ্নটি হয়তো আদালত সম্পর্কিত। এ কারণে আমি বলেছিলাম, এনসিসির আইনগত কোনো বৈধতা নেই। আইনগত বৈধতা বলতে আমি বুঝিয়ে ছিলাম, আদালতে মামলা করা এবং মামলা পরিচালনার বৈধতা এনসিসির নেই। এ মতা পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের রয়েছে।"
সময় স্বল্পতার কারণে এনসিসি দুর্নীতি বিরোধী আর কোনো অভিযানে নামবে না বলেও জানান উপদেষ্টা।
তিনি বলেন, "ইতোমধ্যে যেসব অভিযোগ এনসিসিতে জমা হয়েছে সেগুলো অগ্রাধিকার ও তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ বছরই এনসিসির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "না, আমরা এনসিসির কার্যক্রম গুটিয়ে ফেলছি না। অভিযান বলতে বোঝাচ্ছি, আমরা আর কোনো দুর্নীতি বিরোধী অভিযানে নামব না।"
মতিন বলেন, "সত্যি বলতে কি, আমাদের হাতে সময় নেই। আমি গতকালও বলেছি, ৪৮৮টি অভিযোগ আমাদের হাতে রয়েছে। এ পর্যন্ত ৬৫টির নিষ্পত্তি হয়েছে। বাকিগুলো বিচারাধীন অথবা তদন্তাধীন।"
আগামী ডিসেম্বরের পর এনসিসির টাস্কফোর্সগুলোর কাজ থাকবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "টাস্কফোর্সের কাজের ব্যাপারে আমি নিশ্চিত। ইনশাল্লাহ গণতান্ত্রিক সরকার এলেও এটা চালিয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এমএ/১৬১০ ঘ.
bdnews24