চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনা মসজিদ স্থলবন্দরে মঙ্গলবার প্রায় সাত ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এ বন্দরের বিপরীতে ভারতের মহদিপুরের ট্রাক শ্রমিকরা সেদেশের সীমান্তরক্ষী বাহিনীর হামলার প্রতিবাদে কাজ বন্ধ করে দিলে এ অচলাবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছে সোনামসজিদ বন্দর পরিচালনা কর্তৃপক্ষ।
সোনা মসজিদ-পানামা পোর্টলিংক লিমিটেডের উপ ব্যবস্থাপক বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১০টার দিকে সোনা মসজিদের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরের ট্রাক পার্কিং এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ানরা ট্রাক শ্রমিকদের উপর আকস্মিক হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদে মহদিপুর স্থলবন্দরের ট্রাক শ্রমিকরা মঙ্গলবার কাজ বন্ধ করে দেয়। এতে দুই দেশের মধ্যে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
তিনি জানান, বিএসএফ ও ভারতীয় শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় প্রায় সাত ঘণ্টা পর বিকেল ৪টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়।
ভারতের মালদা আমাদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক সমির ঘোষ মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মহদিপুর স্থলবন্দরে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করলে বিকেল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24