ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স সোমবার ঢাকা আসছেন।
ঢাকার ব্রিটিশ হাই কমিশনের জনসংযোগ বিভাগের প্রধান উইলিয়াম আরনাল-কুলিফোর্ড রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
কুলিফোর্ড বলেন, "নতুন হাই কমিশনার আগামীকাল (সোমবার) ঢাকা আসবেন।"
ইভান্সকে উদ্ধৃত করে রোববার ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিভিন্ন দিক থেকে আমাদের দু'দেশের ভবিষ্যত জড়িয়ে আছে। আমাদের সম্পর্ক এক সূতোয় গাথা। এই গভীর ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক মূল্যবোধের মূলে রয়েছে আমাদের দুই দেশের জনগণ। আমি এ গভীর বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে পারব বলে আশা করছি।"
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে স্টিফেন ইভান্স যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ছিলেন। এর আগে আফগানিস্তান ও শ্রীলঙ্কায় যুক্তরাজ্যের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/২২৪৯ ঘ.
bdnews24