ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি রাজনৈতিক জোটের প্রতিহতের ঘোষণার মধ্যেও ঘোষিত তফসিল অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন কঠোর থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, "নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আনুষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।"
নির্বাচন কমিশন গত শুক্রবার চারটি সিটি কর্পোরেশন (রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল) এবং নয়টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ৪ আগস্ট এ সব স্থানে ভোট গ্রহণের দিন নির্ধারিত রয়েছে।
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করছে অধিকাংশ রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে।
তবে এ ঘোষণায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নাকচ করে দিয়েছেন আইজিপি নূর মোহাম্মদ।
তিনি বলেন, "এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি হবে বলে আমরা মনে করছি না। এখন পর্যন্ত কোথাও কোনও উত্তেজনা আছে কিনা তা জানি না। তবে কোথাও উত্তেজনা থাকলে আগেই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।"
নূর মোহাম্মদ জানান, নির্বাচনকে সামনে রেখে পুলিশ তিনটি পর্যায়ে ব্যবস্থা নেবে। একটি প্রাক নির্বাচন, একটি নির্বাচন চলাকালীন এবং অপরটি নির্বাচন পরবর্তী পর্যায়ে।
তিনি বলেন, "ইতোমধ্যেই নির্বাচনী এলাকাগুলোতে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চলছে।"
পুলিশ প্রধান বলেন, "সরকার প্রার্থিতা প্রত্যাহারের পরদিন থেকে নির্বাচনী এলাকাগুলোতে সভা-সমাবেশ, মিছিল করার অনুমতি দিয়েছে। এসব যাতে নিরাপদে করা যায়, সে জন্য পুলিশ বাহিনী ব্যবস্থা নেবে।"
চলমান বিশেষ অভিযানে কোথাও কোনও ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24