২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর পানি বেড়েছে ৫৭ পয়েন্টে, তবে বন্যাপরিস্থিতি নেই

উজানে ভারত 'গজাল ডোবা' ব্যারেজ খুলে দেওয়ায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজানে ভারত 'গজাল ডোবা' ব্যারেজ খুলে দেওয়ায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলেছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত ৫৭টি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। তবে দেশের কোথাও এখনো বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সার্বিকভাবে দেশের নদ-নদীর অবস্থা এখনো ভালো। দেশের ৭৩টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৫৭টি পয়েন্টে পানি বেড়েছে। কমেছে ১৪টি পয়েন্টে। একটি পয়েন্টে স্থিতাবস্থায় আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা সহকারী প্রকৌশলী মো. আরিফূল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত হঠাৎ করে গজালডোবা ব্যারেজ খুলে দেওয়ায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার রাত থেকে পানি বাড়তে শুরু করে। শনিবার সকালে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করেছে। শনিবার বিকেল নাগাদ তিস্তার পানি কমতে পারে জানিয়ে তিনি বলেন, "কারণ তিস্তার পানি ব্রহ্মপুত্রে গিয়ে পড়ে। ব্রহ্মপুত্র অববাহিকায় সবগুলো পয়েন্টেই পানি বিপদ সীমার নিচে রয়েছে।" এদিকে ভারতের উত্তরপূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। কয়েকদিনের মৌসুমী বৃষ্টিপাতের কারণে সেখানকার নদ-নদীতে পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আসামে মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে বন্যাকবলিত হয়েছে প্রায় তিন লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে, শনিবার সকালে ব্রহ্মপুত্র অববাহিকায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ৬৮ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। এছাড়া, ধরলা নদীর পানি কুড়িগ্রামে ৪২ সেন্টিমিটার বেড়েছে। বহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বেড়েছে। ধলেশ্বরীর পানি রিকাবীবাজারে ১৪ সেন্টিমিটার বেড়েছে। সুরমা নদীর পানি কানাইঘাটে ৭৬ সেন্টিমিটার, সিলেটে ৩৮ সেন্টিমিটার, ও সুনামগঞ্জে ৩৯ সেন্টিমিটার বেড়েছে। বোর্ড জানায়, নদ-নদীর পানি বাড়ায় বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বালির বস্তা ও ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/১৮৩০ ঘ.