ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন আমন মৌসুমে বন্যাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন কৃষি উপদেষ্টা সি এস করিম। তিনি বলেছেন, সার বা অন্য কোনো উপকরণ নয়, বন্যার কারণেই ক্ষতির মুখে পড়তে পারে আমন উৎপাদন।
গুটি ইউরিয়া সারের ব্যবহার বিস্তার ও এ সম্পর্কে কৃষকের সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য উদ্যোক্তাদের মাঝে শনিবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কৃষি উপদেষ্টা সি এস করিম সাংবাদিকদের এসব বলেন।
ইউরিয়া সারের দাম পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় ইউরিয়া সারের দাম বাড়ানো ছাড়া সরকারের কোনো বিকল্প ছিল না।"
তবে সারের দাম প্রায় দ্বিগুণ করার পরও তা কৃষকের আয়ত্তের মধ্যেই রয়েছে বলে দাবি করেন তিনি।
ইউরিয়া সারের দাম বাড়ার কারণে চালের দামে কোনো প্রভাব পড়বে না দাবি করে তিনি বলেন, "ইউরিয়ার দাম বাড়ানোর ফলে উৎপাদন খরচে যে প্রভাব পড়বে তাতে প্রতিকেজি চালে মাত্র ৪০ পয়সা উৎপাদন খরচ যোগ হবে। তবে কৃষিখাতে ভর্তুকির পরিমাণও বাড়ানো হয়েছে।"
বোরোর বাম্পার ফলনের পরও চালের উচ্চ মূল্য প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বাজারজাতকরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে বলে উল্লেখ করে বলেন, "উৎপাদনের পর খুচরা বিক্রেতা পর্যন্ত আসতে অনেকগুলো হাত বদল হয়। আমরা নিজেরাও বুঝতে পারছিনা সমস্যাটা কোথায়। আমি অনুরোধ করবো- আপনারা সমস্যাটি চিিহ্নত করতে সাহায্য করুন।"
সরকারের 'এক্সপানসন অব ইউরিয়া ডিপ প্লেসমেন্ট (ইউডিপি) টেকনোলজি' প্রকল্পের অধীনে বোরো মৌসুমে চার লাখ কৃষক দেড় লাখ হেক্টর জমিতে এই গুটি ইউরিয়া সার প্রয়োগ করে।
আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসআইডি) এর অর্থায়নে বাংলাদেশ কৃষি স
bdnews24