সাতক্ষীরা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া বাঘটিকে শনিবার সকালে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শুক্রবার রাতে ওই বাঘের আক্রমণে তিন জন নিহত হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাঘটি শ্যামনগরের মুন্সিগঞ্জ জেলেপাড়ায় ঢুকে পড়ে। এটি প্রথমে রাস্তার ওপর তারক চন্দ্রকে নামে এক ব্যক্তির ওপর হামলে পড়ে। এতে তারক ঘটনাস্থলেই মারা যায়।
এরপর বাঘটি জেলেপাড়ার অঘোর মণ্ডলের বাড়িতে ঢুকে অঘোর এবং তার ছেলের বউ করুণাবালাকে হত্যা করে বলে সোলাইমান হোসেন জানান।
রাত ১১টার দিকে বাঘটিকে গ্রামবাসী ওই বাড়িতে ঘিরে ফেলে। শনিবার সকালে গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকার লোকজন বাঘটিকে রাতভর ঘিরে রাখে। সকালে এটাকে পিটিয়ে হত্যা করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৯ ঘ.
bdnews24