২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম উৎসব ও সেমিনার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুক্রবার দিনব্যাপী আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে সেমিনার, বাগান পরিদর্শন ও চাঁপাইনবাবগঞ্জের লোকজ সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 06:03 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুক্রবার দিনব্যাপী আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে সেমিনার, বাগান পরিদর্শন ও চাঁপাইনবাবগঞ্জের লোকজ সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে আম চাষ ও বিপণন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জে অনেক আম সংরক্ষণের অভাবে নষ্ট হয়। বক্তারা এ জেলায় আম সংরক্ষণের জন্য হিমাগার ও বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য বেসরকারি বিনিয়োগকারী ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। আম প্যাকেজিং ও পরিবহণের সমস্যা সমাধানে এগিয়ে আসারও তাগিদ দেন। ইনসাইটা ট্যুরিজমের কর্মকর্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উৎসব হয় কিন্তু আম চাষী ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে কখনও আলোচনা হয় না। এ আম উৎসব ও সেমিনারের লক্ষ্য সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের পথ খুঁজে বের করা। পর্যটন কেন্দ্র হিসাবে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন জাতের আম সম্পর্কে তথ্য সারাদেশের মানুষের কাছে তুলে ধরাও এর উদ্দেশ্য। উপজেলা সম্মেলন কক্ষে ঢাকার ইনসাইটা ট্যুরিজম আয়োজিত ও কানসাট আম আড়তদার সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, আম ব্যবসায়ী আমিনুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান জাফর আলী, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবিনুর রহমান মিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম, আম চাষী মোশারফ হোসেন ও ইনসাইটা ট্যুরিজমের পরিচালক (বিপণন) মাসুদুল হাসান যায়েদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৮ঘ.