চাঁপাইনবাবগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর ও শিবগঞ্জ উপজেলায় দুইটি পৃথক অভিযানে বৃহস্পতিবার রাতে দুই কেজি কোকেন ও দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
বিডিআর ৩৯ ব্যাটালিয়নের অপারেশনস অফিসার মেজর সৈয়দ আবু হাসান জানান, রাত সাড়ে আটটার দিকে সদরের আলাতুলি ইউনিয়নের পোলাডাংগা সীমান্তের ৪১/৮এস পিলার এলাকায় চার মাদক ব্যবসায়ীকে বিডিআর টহল দল চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতে সীমানায় পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে জানান তিনি।
তিনি আরও জানান, একই রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ও মাসুদপুর গ্রাম থেকে বিডিআর দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।
এ দুটি ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24