চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট এবং কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার দিনভর ভয়াবহ লোডশেডিংয়ের কবলে ছিল চট্টগ্রাম। সন্ধ্যার পর অবস্থার আরও অবনতি ঘটে।
সকাল থেকে রাত পর্যন্ত অধিকাংশ সময় নগরীর বেশিরভাগ এলাকা ছিল বিদ্যুৎহীন। একটানা লোডশেডিংয়ের পর সন্ধ্যায় বিদ্যুৎ এলেও তার স্থায়িত্ব এক ঘন্টার বেশি ছিল না বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা জানান, একযোগে চারটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এবং চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কমে যায়।
এইচএসসি পরীক্ষা কেন্দ্র এবং ইপিজেডসহ বিশেষ জোনে বিদ্যুৎ সরবরাহের পর অন্যসব এলাকায় বিদ্যুৎ দিতে হিমশিম খেতে হয় পিডিবিকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোডশেডিং বাড়িয়েও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিক আওয়ারে (সন্ধ্যা) চট্টগ্রামের তিনটি কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া গেছে মাত্র ১৬১ মেগাওয়াট। অথচ এ তিনটি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭১০ মেগাওয়াট। কাপ্তাই হ্রদের পানির স্তর নেমে যাওয়ায় এবং গ্যাস সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি জানান, চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড থেকে সরবরাহ না পাওয়ায় গত কয়েক দিনের চেয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিন পিক আওয়ারে সরবরাহ পাওয়া গেছে ১৭০ মেগাওয়াট। ফলে ৬০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করতে হয়েছে ২৬৯ মেগাওয়াট। আর দিনের বেলা লোডশেডিংয়ের পরিমাণ ছিল ২২০ মেগাওয়াটের মতো।
পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, রক্ষণাবেক্ষণের জন্য বুধবার রাতে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ৩টি ইউনিট বন্ধ করা হয়। রক্ষণাবেক্ষণ শেষে বৃহস্পতিবার সকালে এ তিনটি ইউনিট চালু করতে গেলে একযোগে সবগুলো ট্রিপ (আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া) করে। তবে জোরাতালি দিয়ে ৫নং ইউনিটটি চালু রাখা হয়, যা থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।
তিনি জানান, দ্রুত মেরামত শেষে বেলা ১২ টার পর ১ ও ২ নম্বর ইউনিট চালু করা হয়। সর্বশেষ চালু এ তিনটি ইউনিট থেকে ৬৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের এ পাঁচটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিট হঠাৎ করে বিকল হয়ে যায়। এর বিকল্প হিসেবে গত দুই মাস থেকে গ্যাস সংকটের জন্য বন্ধ এক নম্বর ইউনিট চালুর উদ্যোগ নেন এই কেন্দ্রের প্রকৌশলীরা।
কেন্দ্রের কর্মকর্তারা জানান, একটি ইউনিট পুরোদমে চালু করতে প্রায় ৭২ ঘন্টা সময় লাগে। এক নন্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাওয়া যাচ্ছে। শুক্রবার পর্যন্ত আরও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে তারা আশা করছেন।
তারা জানান, পিডিবির জন্য বরাদ্দকৃত গ্যাস বাড়তি থাকায় তা শিকলবাহা ৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। তা দিয়ে গ্যাসের অভাবে প্রায় তিন মাস থেকে বন্ধ থাকা এ কেন্দ্রটি সাময়িকভাবে চালু করা হয়। বিকেল ৩টায় চালু হওয়ার পর সন্ধ্যা সাতটায় এ কেন্দ্র থেকে ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট পুরোদমে চালু হলে শিকলবাহা বন্ধ করে দেওয়া হবে।
বিদ্যুৎ পরিস্থিতির এই অবনতির কারণে নগরীর জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। বিঘি
bdnews24