২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ১৫ কর্মী আহত, আটক ১৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে বুধবার রাতে ছাত্রদল কর্মীদের হামলায় ছাত্রলীগের ১৫ জন কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

রাজশাহী, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে বুধবার রাতে ছাত্রদল কর্মীদের হামলায় ছাত্রলীগের ১৫ জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সংগঠন দুটির ১৩ কর্মীকে আটক করেছে। এর মধ্যে ছাত্রলীগের ১০ এবং ছাত্রদলের তিন কর্মী রয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে। রুয়েট ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সেলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল মফিজ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পরবর্তীতে এ ঘটনার জের ধরে যেন আর কোন বিশৃঙ্খলা না ঘটে সে জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানিয়েছে। দাবি না মানা হলে ২৪ জুন থেকে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট আহবানের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সেলিম হলে টিভি দেখাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সোহাগ, যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের সুজন, তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছোটন ও বাপ্পিকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার জের ধরে বুধবার রাত ১২টার দিকে ছাত্রদল কর্মী আহমেদ, লালন, রনি, শরীফ, ছোটন, সুজন, এমদাদ, বাপ্পির নেতৃত্বে ১৫/২০ জন সেলিম হলের ১২১, ১২০, ১৬১, ১৩৮, ১৩৯, ২০৭, ২২৭, ২২৮, ২৩২ (ক), ৩৪৭, ৩৪৬ নম্বর কক্ষ, পত্রিকার পড়ার কক্ষ, খাবার কক্ষে হামলা চালায় এবং ভাংচুর করে। তারা কয়েটি কক্ষের নোটিশ বোর্ডেও আগুন ধরিয়ে দেয়। এ সময় হলের ছাত্রলীগ কর্মী আল-আমিন, নাজমুল ইসলাম, হাসিব, জর্জ, সাব্বির, মিল্টন, রাকিব, রনি, শামীম, ইপি, রুবেল, তুহিন, রেজা, আরিফকে হকিস্টিক ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে তারা। এরপর ছাত্রদল কর্মীরা শহীদ জিয়াউর রহমান হলের ৪১৯ ও ৪২০ নম্বর কক্ষে হামলা এবং আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তারা ছাত্রলীগ কর্মী রাসেলকে বেধড়ক পেটায়। আহতদের রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই মতিহার থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সেলিম হল থেকে ছাত্রদল কর্মী ছোটন, আশরাফ হোসেন ও মেহেদী হাসান এবং ছাত্রলীগের নাবিল হাসান, রনি, তুহিন, জুনায়েদ, সায়েদুর রহমান, রেজা, রুবেল, আরিফুর রহমান, শামীম ও মুন্নাকে আটক করে। মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছেন। হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. এএফএম আনওয়ারুল হক বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোষ্ট, ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিষ্ট্রারসহ (ভারপ্রাপ্ত) উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সভা করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আহত ছাত্রদের সুবিধার্থে আগামী ২৩ জুন অনুষ্ঠেয় সব সেমিষ্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত পরীক্ষাসমূহ আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা ও বিএনপি-জামায়াতপন্থী প্রাধ্যক্ষদের পদত্যাগ, ছাত্রদল ক্যাডারদের গ্রেপ্তার ও বহিস্কার, আহত ছাত্রলীগ কর্মীদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, ২৩ ও ২৯ জুনের সকল পরীক্ষা স্থগিত এবং আটক ছাত্রলীগ নেতাদের মুক্তি দাবি করেছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে রুয়েট ছাত্রলীগ কর্মী সাব্বির, আল আমিন, শিশির ছাড়াও মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক জেডু সরকার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২৭ ঘ.