২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের রবিউল হত্যা মামলায় ছয় জেএমবি'র যাবজ্জীবন

জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দেশব্যাপী সিরিজ বোমা হামলায় চাঁপাইনবাবগঞ্জের রিক্সাচালক রবিউল ইসলাম হত্যা মামলায় ছয় জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

রাজশাহী, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দেশব্যাপী সিরিজ বোমা হামলায় চাঁপাইনবাবগঞ্জের রিক্সাচালক রবিউল ইসলাম হত্যা মামলায় ছয় জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এটিএম মেসবাউদ্দৌলা এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে- সাখাওয়াত ওরফে জিয়াদ হোসেন, শহীদুল্লা ফারুক ওরফে সেলিম, তুফান ওরফে আবুল কাশেম, হাফেজ আলী আকবর ওরফে রিয়াজ, হাফিজুর রহমান ডালিম এবং শফিউল্লাহ ওরফে শহীদ। এদের মধ্যে শফিউল্লাহ ওরফে শহীদ ও হাফিজুর রহমান ডালিম পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় বাকি চারজনকে আদালতে হাজির করা হয়। মামলার নয় আসামির মধ্যে জেএমবির শীর্ষস্থানীয় নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আবদুল আউয়ালের ফাঁসি আগেই কার্যকর হওয়ায় তাঁদের অব্যহতি দিয়ে রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণে জানা গছে, ২০০৫ সালে ১৭ আগস্ট জেএমবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড, জেলা প্রশাসকের কার্যালয়, নিউমার্কেট, পুরাতন জর্জ কোর্ট ভবন এবং মহানন্দা সেতু এলাকায় বোমা হামলা চালায়। শহরের বিশ্বরোড মোড়ে বোমা হামলায় রিক্সাচালক রবি ওরফে রবিউল ইসলাম এবং রবি সাহা ও মতি রবি সাহা নামে তিন ব্যক্তি আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০০৫ সালের ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হাফিজুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ৩৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৩০২ ও ১২০ (বি) ধারার হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই দণ্ডাদেশ দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএইচবি/১৯১৫ ঘ.