ঝিনাইদহ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ চরমপন্থী নেতা দাদা তপন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পরদিন বৃহস্পতিবার তার দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) একজন আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।
র্যাবের ভাষ্যমতে, ঝিনাইদহ সদর উপজেলার আলামপুর গ্রামের স্কুল মাঠে বৃহস্পতিবার ভোরে র্যাব-পুলিশের সঙ্গে চরমপন্থীদের 'বন্দুকযুদ্ধের' সময় জাহিদুল ইসলাম (২৮) নামে জনযুদ্ধের একজন আঞ্চলিক কমান্ডার নিহত হয়েছেন। তিনি এই গ্রামেরই আনোয়ার হোসেনের ছেলে।
বুধবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি স্কুলপাড়া গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জনযুদ্ধের শীর্ষ নেতা আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপন নিহত হন। এ সময় রিক্তা নামের এক নারীও মারা যান।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প অধিনায়ক মেজর তারিক জানান, তারা গোপন সুত্রে খবর পান- আলামপুর স্কুল মাঠে চরমপন্থীরা গোপন বৈঠক করছে। র্যাব ও পুলিশের একটি দল ভোর ৪ টার দিকে সেখানে অভিযান চালায়।
এ সময় চরমপন্থীরা র্যাব ও পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র্যাব-পুলিশ পাল্টা গুলি চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং ১৫-২০ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়।
তিনি জানান, চরমপন্থীরা পালিয়ে যাওয়ার পর পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে জাহিদুলের লাশ, একটি শাটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।
মেজর তারিক জানান, জাহিদুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ গ্র"পের আঞ্চলিক কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি বোমাবাজির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৫ ঘ.
bdnews24