ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র মো. জাহাঙ্গীর রশিদ জুয়েলকে হত্যার দায়ে দু'জনকে ৩৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. ইসরাইল হোসেন বুধবার দুপুরে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ জনকে খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, নুরুল ইসলাম ও রকিবুল হাসান বিপু। এদের মধ্যে বিপু পলাতক। খালাসপ্রাপ্তরা হচ্ছে শেখ মোহাম্মদ সোহেল, সাদ ওয়াশিদুজ্জামান শিকদার ওরফে তামিল, মামুনুর রহমান দোদুল, শ্যামল ও তৈমুর কুদরত এ এলাহী।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৯ সালের ২৭ মার্চ সকালে নিউ ডিওএইচএস এলাকা থেকে সন্ত্রাসীরা জুয়েলকে অপহরণ করে মালিবাগের অভিযাত্রিক ক্লাবে নিয়ে যায়। সেখানেই গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় জুয়েলকে। অপহরণের ঘটনার নেতৃত্ব দেন মোহাম্মদ হোসেন সোহেল।
জুয়েলের লাশ বস্তাবন্দি করে ফেলে দেওয়ার সময় ২৭ মার্চ বিকেলে উত্তরার ৮ নম্বর সেক্টর থেকে পুলিশ ও স্থানীয়রা বিপু ও নূরুল ইসলামকে আটক করে।
এ ঘটনায় ৩০ মার্চ কাফরুল থানায় মামলা করেন জুয়েলের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল মো. হারুনুর রশিদ।
রায় ঘোষণার পর হারুনুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার সাক্ষ্য প্রমাণে সোহেলের নাম এসেছে। অথচ তাকে খালাস দেওয়ায় আমি ক্ষুব্ধ ও হতাশ। আমরা সুবিচার পাইনি।"
তিনি জানান, তার ছেলে সুমী নামের এক মেয়েকে প্রেম করে বিয়ে করে। সোহেলও সুমীকে পছন্দ করত। সে কারণে সুমীর সঙ্গে জুয়েলের বিয়ের পর তাকে হত্যার হুমকি দেয় সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২৩৫৯ ঘ.
bdnews24