২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘোষিত মূলধনী মুনাফা বৈধ করার সুযোগ চাইলেন সিএসই প্রধান

তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে কর ছাড়াই অঘোষিত মূলধনী মুনাফা বৈধ করার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী। একই সঙ্গে পুঁজিবাজারে করপোরেট করদাতাদের অর্জিত লভ্যাংশের ওপর করপোরেট হারে কর আদায়ের প্রস্তাব বাতিল করারও দাবি জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 05:23 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে কর ছাড়াই অঘোষিত মূলধনী মুনাফা বৈধ করার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী। একই সঙ্গে পুঁজিবাজারে করপোরেট করদাতাদের অর্জিত লভ্যাংশের ওপর করপোরেট হারে কর আদায়ের প্রস্তাব বাতিল করারও দাবি জানিয়েছেন তিনি। বুধবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সেখানে তিনি ১৭ দফা প্রস্তাব ও দাবি উত্থাপন করেন। নাসির উদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেটে শতকরা ৭ ভাগ জরিমানার বিধান রেখে অঘোষিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এই সুবিধার আওতা বাড়িয়ে তালিকাভুক্ত সিকিউরিটিজের অঘোষিত মুনাফা করমুক্ত হারে আদায় করলে দেশের অর্থনীতি লাভবান হবে। তবে অঘোষিত প্রাথমিক পুঁজি বৈধ করার ক্ষেত্রে ২/৩ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করছেন তিনি। সিএসই প্রেসিডেন্ট বলেন, "বর্তমানে করপোরেট করদাতাদের লভ্যাংশের ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হয়। বাজেট প্রস্তাব অনুযায়ী লভ্যাংশের ওপর করপোরেট হারে কর আরোপ করলে করপোরেট বিনিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে।" প্রায় ৩১ হাজার কোটি টাকার ঘাটতি বাজেটের অর্থ সংগ্রহের জন্য পুঁজি বাজারে বন্ড ছাড়ার সুপারিশ করেন নাসির উদ্দিন চৌধুরী। একই সঙ্গে, ৯০ কোটি ডলার ব্যয়ে ২১০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম দ্বিতীয় মহাসড়ক এবং ৫০ কোটি ডলার ব্যয়ে ২০ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের জন্য সরকারের কাছে প্রস্তাব রাখেন তিনি। পুঁজিবাজারে ব্যক্তিগত বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের করের আওতামুক্ত ও প্রবাসীদের জন্য ১০ শতাংশ হারে কর নির্ধারণের জন্য অর্থ উপদেষ্টার প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন চৌধুরী। বর্তমানে দেশে বসবাসকারী করদাতাদের ১০ শতাংশ এবং প্রবাসীদের ২৫ শতাংশ হারে লভ্যাংশের ওপর কর দিতে হয়। অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে করমুক্ত বিনিয়োগের সর্বোচ্চ সীমা দুই লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা উচিৎ বলেও মন্তব্য করেন সিএসই প্রেসিডেন্ট। এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে কিছু কিছু শেয়ারের দাম স্বভাবিকের তুলনায় বেশি হলেও ১৯৯৬ সালের মতো ধস যাতে না নামে সে বিষয়ে সিএসই ও ডিএসই সতর্ক রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সিএসই'র পরিচালক বিজন চক্রবর্তী ও এ এস এম শহীদুল্লাহ এবং প্রধান নির্বাহী এবি সিদ্দিক উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে