২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথার ওপর থেকে পাহাড় সরেছে; কিন্তু ঠাঁই নিয়ে ভাবনাও পাহাড়সম

মাথার ওপর থেকে পাহাড় সরছে। সেই মৃত্যুঝুঁকি থেকে বাঁচলেও এখন ছাদের সন্ধানে রয়েছেন চট্টগ্রাম নগরীর পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো। টানা বর্ষণের কারণে ভূমিধসে প্রাণহানি এড়াতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুনর্বাসনের ব্যবস্থা না করায় এখন ঠাঁই নিয়ে অনিশ্চয়তায় প্রায় আড়াইশ পরিবার। সরেজমিন ঘুরে সে চিত্র তুলে এনেছেন মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড়ের কোল ঘেঁষে জীবনের ঝুঁকি নিয়ে একটি বেড়ার ঘরে তিন বছর ধরে স্বামী-সন্তান নিয়ে থাকছিলেন বাসনা বেগম। গত বছরের পাহাড় ধসের সময়েও তিনি ওই এলাকাতেই ছিলেন। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে পাহাড়ের পাদদেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন বাসনা বেগমদের ওই এলাকা ছাড়তে নোটিস দেয়। পাহাড় ধসে মৃত্যু ঝুঁকি থেকে পরিত্রাণ পেলেও এখন বাসনা বেগমের মতো আড়াইশ পরিবারের ভাবনা পরবর্তী আবাসস্থল নিয়ে। তা নিয়েই পাহাড়সম অনিশ্চয়তায় রয়েছেন তারা। বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতে ভূমিধস ও প্রাণহানির আশঙ্কায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে নগরীর বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে উচ্ছেদ করার পরিকল্পনা নেয়। প্রাথমিকভাবে সোমবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরীর লালখান বাজার, মতিঝর্ণা, কুসুমবাগ আবাসিক এলাাকা ও ও টাইগার পাস এলাকায় প্রায় আড়াইশ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বলে সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান। কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ খান এ অভিযানে নেতৃত্ব দেন। স্থানীয় ওয়ার্ড কমিশনাররাও তাদের সঙ্গে ছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, মতিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে প্রায় কয়েক হাজার পরিবার এখনও বসবাস করছে। ওই এলাকার প্রায় দুইশ পরিবারকে সরে যেতে নোটিস দেওয়া হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ১৬০ পরিবার নিজ উদ্যোগে সরে গেছেন। বাসনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কম ভাড়ার কারণে এ পাহাড়ের গোড়ায় থাকছিলাম। এখন নতুন বাসা নিতে হলে দুই-তিন হাজার টাকা অগ্রিম দিতে হবে। সেটা পাব কোথায়?" রিকশাচালক স্বামীর আয় দিয়ে ছয় জনের পরিবারের বাসনা বেগমের মাথায় এখন এটাই প্রধান চিন্তা। একই কথা বললেন রিকশাচালক আনোয়ার হোসেন, দিনমজুর ইমাম হোসেনসহ আরও অনেকে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গেলেও তাদের কোথাও পুর্নবাসনের ব্যবস্থা করা হয়নি। উচ্ছেদ হওয়া অধিকাংশ পরিবারের সদস্যরা আশপাশে আত্মীয়-স্বজনের বাড়ি গিয়ে উঠছেন। অপরদিকে, নগরীর পাহাড়তলী ওয়ার্ডের ক্যান্টনম্যান্ট সংলগ্ন লেবু বাগান, লেডিস ক্লাব, কাইচ্যা ঘোনা, সেকান্দার পাড়া এলাকায় বাস করা বিভিন্ন পরিবারগুলোকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ পাহাড়তলীর ওয়ার্ড কমিশনার জাফর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে সব স্থানে পাহাড় ধসের সম্ভাবনা আছে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। টানা দুইদিনের বৃষ্টির সময় মাইকিং করে সতর্ক করে নিরাপদ এলাকায় নিয়ে গিয়ে তাদের আশ্রয় দেওয়া হয়েছে।" ভূমি ও পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পুর্নবাসন না করে উচ্ছেদ করা ঠিক হবে না বলে কমিশনার জাফর আলম মনে করেন। তিনি সংশ্লিষ্ট এলাকার খাস জমিতে এসব লোকদের পুর্নবাসনের দাবি জানান। পুনর্বাসনের বিষয়ে মতিঝর্না এলাকার ওয়ার্ড কমিশনার মনোয়ারা বেগম মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থাকার জায়গার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তুলে দেওয়া পরিবারের সদস্যদের অন্যত্র রাখা বা বাসা খুঁজে দিতে আমরা সহায়তা করছি মাত্র। যারা কোনও ঘর পাচ্ছেন না তারা অন্যত্র তাদের আত্মীয়ের বাসায় আশ্রয় নিচ্ছেন।" পুনর্বাসনের কোনও কথা জানাতে না পারলেও উচ্ছেদ হওয়াদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কমকর্তা মহিউদ্দিন আহমেদ খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের অন্যত্র বাসা খুঁেজ পেতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।" অপরদিকে পুর্নবাসন না করে উচ্ছেদ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছর ১১ জুনের পাহাড় ধসের পর নগরীর বিভিন্ন স্থানে ঝুঁকি নিয়ে বসবাসরত ২৩৪ পরিবারকে চিহ্নিত করে তাদের অন্যত্র সরে যেতে ১৫ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হলেও তারা সরেনি। এ কারণেই তাদের উচ্ছেদ করা হচ্ছে।" তিনি জানান, খালি হওয়া ঘরগুলো পরবর্তীতে ভেঙ্গে ফেলা হচ্ছে। বৃহস্পতিবার নগরীর কাইচ্যাঘোনা, সেকেন্দার পাড়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫৬ ঘ.